জামায়াত নেতা শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, অডিও ফাঁস
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৯ জুন ২০২৬, ১১:১৩ পিএম
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে লক্ষ্য করে পায়ে গুলি করার পরিকল্পনার ইঙ্গিত রয়েছে বলে দাবি করা একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওটি প্রকাশ্যে আসার পর লোহাগাড়া ও সাতকানিয়া এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ফাঁস হওয়া ওই অডিওতে সংসদ সদস্যের দীর্ঘদিনের ব্যক্তিগত সহকারী হিসেবে পরিচিত আরমান উদ্দিনের কণ্ঠ রয়েছে বলে দাবি করা হচ্ছে। স্থানীয়দের মধ্যে অডিওটি নিয়ে নানা ধরনের আলোচনা চলছে এবং এতে একজন নির্বাচিত জনপ্রতিনিধিকে কেন্দ্র করে সহিংস পরিকল্পনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
প্রতিবেদকের অনুসন্ধানে অডিওতে কথোপকথনে অংশ নেওয়া দুই ব্যক্তির একজন আরমান উদ্দিন বলে নিশ্চিত হওয়া গেলেও অপর ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিতভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
বিষয়টি নিয়ে যোগাযোগ করা হলে আরমান উদ্দিন বলেন, “চৌধুরী সাহেবকে কেন গুলি করতে যাবো।” পরে অডিওটি তার হোয়াটসঅ্যাপে পাঠানোর অনুরোধ জানিয়ে তিনি বলেন, “আগে আমাকে অডিওটি দেন, তারপর আমি আপনাকে বলতেছি।” তবে অডিও পাঠানোর পর আর তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
ফাঁস হওয়া অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, “লোহাগাড়ায় এমপি কেন আসবে? আসলে পায়ে গুলি করে জিজ্ঞেস করবো কেন এসেছে। লোহাগাড়ার এমপি আরমান সাহেব, এখানে আরমান সাহেবের কথাই চলবে।” জবাবে আরমান উদ্দিনকে বলতে শোনা যায়, “এমপিকে তো লোহাগাড়ায় না আসতে বলি। তারপরেও লোকজনের জ্বালায় আসে।”
একপর্যায়ে অপর ব্যক্তি আরও বলেন, “বাদশা খালেদের মতো অস্ত্রশস্ত্র নিয়ে থাকবো।” এর জবাবে আরমান উদ্দিন বলেন, “এসব করলে পুলিশ আসবে, আর্মি আসবে, এমপি আসবে।”
অডিওতে একজন সংসদ সদস্যকে লক্ষ্য করে গুলির পরিকল্পনার বিষয়টি উঠে আসায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। একই সঙ্গে জনমনে উদ্বেগ ও কৌতূহলেরও সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রের দাবি, কথোপকথনে থাকা অপর ব্যক্তি লোহাগাড়া এলাকায় বালু উত্তোলন ও মাটি কাটার সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহলের ঘনিষ্ঠ হতে পারেন। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
এদিকে সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম জানিয়েছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, অডিওটির সত্যতা, উৎস এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।