হবিগঞ্জের সংঘর্ষে নাসীরুদ্দীন-সারজিসসহ ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১১:৫৫ এএম

ছবি: সংগৃহীত

হবিগঞ্জে সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার রাত প্রায় ১০টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলার আবেদন করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন রুকন। মামলায় ১০ জনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৮ জুলাই বিকেল থেকে রাত পর্যন্ত হবিগঞ্জ পৌরসভার কোর্ট মসজিদের সামনে জাতীয় নাগরিক পার্টি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।

বাদীর দাবি, কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচির অংশ হিসেবে জুলাই আন্দোলনের শহীদ রিপন শীলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ এবং শোকসভায় অংশ নিতে নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছিলেন। এ সময় নাসীরুদ্দীন পাটোয়ারী, সারজিস আলম, আবু হেনা মোস্তফা কামাল, মাহবুবুল বারী চৌধুরীসহ ৪০ থেকে ৫০ জনের একটি দল হামলা চালায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়েছে, হামলায় জেলা ছাত্রদল নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন আহত হন। তাদের লোহার রড, রামদা, ফিকল ও ইটের টুকরো দিয়ে আঘাত করা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। পাশাপাশি সংঘর্ষের সময় কয়েকটি দামি মুঠোফোন এবং নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও আনা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সরে যান এবং আহতরা হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা নেন বলে মামলায় দাবি করা হয়েছে।

মামলার আসামিদের মধ্যে রয়েছেন নাসীরুদ্দীন পাটোয়ারী, সারজিস আলম, নুর আলম চৌধুরী, ফখরুল জাকির, আ. হাই কামাল, রুহাম গাজী, মাহবুবুল বারী চৌধুরী মুবিন, নাহিদ উদ্দিন তারেক, আবু হেনা মোস্তফা কামাল ও ওয়াদুদ মাহমুদ চৌধুরী।

অন্যদিকে, একই ঘটনাকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টিও ছাত্রদলের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছে। দলটির দাবি, ২৮ জুলাই পদযাত্রা ও পথসভা শেষে সার্কিট হাউসে ফেরার পথে ছাত্রদলের হামলায় সারজিস আলমসহ অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হন। এছাড়া হামলায় একজন কর্মীর একটি চোখের দৃষ্টিশক্তি নষ্ট হওয়ার পাশাপাশি কয়েকটি সংবাদমাধ্যমের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলেও অভিযোগ করেছে দলটি।

জাতীয় নাগরিক পার্টির দাবি, পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে নাসীরুদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম নিরাপত্তার স্বার্থে থানার পাশের সোনালী ব্যাংকের ভবনে আশ্রয় নেন। পরে পুলিশ তাদের উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায় এবং রাতে পুলিশি নিরাপত্তায় মৌলভীবাজার পৌঁছে দেয়।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি। তবে থানার উপপরিদর্শক ধ্রুবেশ চক্রবর্তী জানিয়েছেন, ছাত্রদল নেতার অভিযোগের ভিত্তিতে জাতীয় নাগরিক পার্টির নেতাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে।

এদিকে, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিল্লুর রহমান ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মাহবুব আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970