বোনের বিয়ের কেনাকাটা শেষে বাড়ি ফেরা হলো না, বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৭:২৬ পিএম
বোনের বিয়ের আনন্দঘন প্রস্তুতি মুহূর্তেই পরিণত হয়েছে শোকে। বিয়ের কেনাকাটা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফেনীর ছাগলনাইয়া উপজেলার যুবক ছায়েদুল হক ফনি (৩২)। পরিবারের সদস্যদের কাছে তিনি ফিরেছেন নিথর দেহ হয়ে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার সমিতি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ছায়েদুল হক ফনি উপজেলার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর গ্রামের ছয়ঘরিয়া পাড়ার আব্দুল হাইয়ের ছেলে। তিনি ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
ছাগলনাইয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন নয়ন জানান, আগামী শুক্রবার ফনির চাচাতো বোনের বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেই উপলক্ষে বারৈয়ারহাট থেকে কেনাকাটা শেষে টমটমে করে বাড়ি ফিরছিলেন তিনি। পথে সমিতি বাজার এলাকায় পৌঁছালে চট্টগ্রাম থেকে ফেনীগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে টমটমটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফনির মৃত্যু হয়। এ সময় তার চাচা আলম ও টমটমচালক গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। মুহুরীগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নোমান জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।