সাতক্ষীরায় নারীর ঘর থেকে বস্ত্রহীন অবস্থায় যুবদল নেতা আটক, গণপিটুনি
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১০:৪২ এএম
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এক নারীর বসতঘর থেকে আব্দুল মান্নান নামে স্থানীয় যুবদলের এক নেতাকে বস্ত্রহীন অবস্থায় আটক করে মারধরের অভিযোগ উঠেছে। পরে ঘটনাটির একাধিক দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হরিনগর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে উপজেলা যুবদলের কয়েকজন নেতা ঘটনাস্থলে গিয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন।
আব্দুল মান্নান শ্যামনগর পৌরসভার চন্ডিপুর গ্রামের বাসিন্দা এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি। এর আগে অন্যের ব্যবসাপ্রতিষ্ঠানে প্রবেশ করে চাঁদা দাবির অভিযোগে ২০২৫ সালের ৭ জুলাই তার বিরুদ্ধে দলীয়ভাবে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
স্থানীয় বিএনপির কয়েকজন নেতা গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার রাতে স্থানীয় বাসিন্দারা এক নারীর বাড়ি ঘেরাও করেন। পরে ঘরের দরজা ভেঙে আব্দুল মান্নানকে বস্ত্রহীন অবস্থায় বের করে এনে একটি খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়।
ওই নারী দাবি করেন, কর্মসূত্রে পূর্ব পরিচয়ের সুযোগ নিয়ে আব্দুল মান্নান দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করতেন এবং অনৈতিক প্রস্তাব দিতেন। ঘটনার দিন বাজারে পৌঁছে দেওয়ার কথা বলে তিনি ঘরে প্রবেশ করলে স্থানীয়রা তাদের আটক করেন।
এ বিষয়ে শ্যামনগর পৌর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরিদুজ্জামান বাবু বলেন, ঘটনাটি তাদের নজরে এসেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে দলীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দুই পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে বিষয়টি মীমাংসা করে সংশ্লিষ্ট ব্যক্তিদের সরিয়ে নেন।
এদিকে অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে আব্দুল মান্নানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।