সিরাজগঞ্জে ট্রাকের ধাক্কায় বাসচালকসহ নিহত ২, আহত অন্তত ৮
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ১২:৩৭ পিএম
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের নলকা ওভারপাসের নিচে পণ্যবাহী একটি ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী বাসের চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসে থাকা অন্তত আটজন যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায়, দিনাজপুর থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস নলকা ওভারপাসের নিচ দিয়ে যাওয়ার সময় সিরাজগঞ্জ শহরের দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাক ওভারপাসে ওঠার সময় বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই বাসচালকসহ দুইজনের মৃত্যু হয়। একই সঙ্গে বাসের অন্তত আটজন যাত্রী আহত হন।
খবর পেয়ে পুলিশ ও অগ্নিনির্বাপণ বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠান। নিহতদের মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিহত ও আহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে। পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।