স্বামীকে ছেড়ে প্রেমিককে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন তরুণী, দুজনেরই মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৮:২০ পিএম

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক তরুণী ও তার প্রেমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ইজ্জতপুর রেলওয়ে স্টেশনের উত্তর আউটার সিগন্যাল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তরুণীর নাম রিনা আক্তার (২৫)। তিনি উপজেলার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি গ্রামের মো. সিদ্দিক মিয়ার মেয়ে। স্থানীয় একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। নিহত যুবকের নাম আল আমিন। তিনি স্থানীয় আরেকটি পোশাক কারখানায় শ্রমিক ছিলেন। তবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার দুপুরের পর থেকে রিনা ও আল আমিনকে রেলপথের পাশে হাঁটাহাঁটি, গল্প ও সময় কাটাতে দেখা যায়। দীর্ঘ সময় তারা ওই এলাকায় অবস্থান করেন। পরে সন্ধ্যার দিকে চলন্ত ট্রেনের নিচে তাদের ঝাঁপ দেওয়ার খবর ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা রত্না বেগম বলেন, দুপুরের পর থেকেই ওই দুজনকে রেলপথে হাঁটাহাঁটি ও গল্প করতে দেখা গেছে। পরে সন্ধ্যার দিকে তাদের মৃত্যুর খবর পান তিনি।

আরেক বাসিন্দা লিপি বেগম জানান, বিকেল ৫টার দিকে রেলপথে হাঁটার সময় কয়েকজন ছেলে সিগন্যালের পাশে দুজনের মরদেহ পড়ে থাকার কথা জানায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মরদেহ দেখতে পান।

নিহত রিনার ভাই সুমন জানান, আগের স্বামীর সংসার ছেড়ে এসে প্রেমিক আল আমিনকে বিয়ে করেছিলেন তার বোন। বিয়ের পর থেকে পরিবারের সঙ্গে তাদের তেমন যোগাযোগ ছিল না। কী কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন, তা তিনি জানেন না।

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম সিরাজী বলেন, বিকেলের দিকে এক তরুণ ও এক তরুণী ময়মনসিংহগামী একটি যাত্রীবাহী ট্রেনের নিচে ঝাঁপ দেন। ট্রেনের ধাক্কায় তাদের মরদেহ ছিন্নভিন্ন হয়ে রেলপথের প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ফারুক হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কাজ শুরু করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970