শাহজালাল মাজারের দানবাক্সে একমাসে মিললো ৭০ লাখ ৮৮ হাজার টাকা
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৮:০৫ পিএম
সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে তৃতীয় দফায় গণনা করে নগদ ৭০ লাখ ৮৮ হাজার টাকা পাওয়া গেছে। এর পাশাপাশি একাধিক দেশের মুদ্রা, গরু-ছাগল ও বিভিন্ন সামগ্রীও পাওয়া যায়।
শনিবার (১৫ আগস্ট) সকাল ১০টা থেকে পূর্বঘোষণা অনুযায়ী উন্মুক্ত পরিসরে মাজারের দানবাক্সগুলো খুলে গণনা শুরু হয়। মাজার ব্যবস্থাপনা ও আর্থিক স্থায়ী স্বচ্ছতা কমিটির তত্ত্বাবধানে গণনা শেষে টাকার পরিমাণ জানানো হয়।
এর আগে সিলেটের সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম মাজারের পুরোনো দানবাক্সগুলো সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন করেন। নতুন দানবাক্স স্থাপনের চার দিন পর গত ২২ জুন প্রথম দফায় সেগুলো খুলে গণনা করা হয়। তখন নগদ ১৭ লাখ ৫৪৯ টাকা পাওয়া যায়।
এর ১৮ দিন পর ১১ জুলাই দ্বিতীয় দফায় দানবাক্স খোলা হলে নগদ ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা পাওয়া যায়।
সর্বশেষ দ্বিতীয় দফার ৩৪ দিন পর শনিবার তৃতীয় দফায় দানবাক্স খোলা হয়। এতে নগদ ৭০ লাখ ৮৮ হাজার টাকাসহ বিভিন্ন দেশের মুদ্রা, গরু-ছাগল ও অন্যান্য সামগ্রী পাওয়া গেছে।
মাজার কর্তৃপক্ষের দানবাক্সের অর্থ গণনায় স্বচ্ছতা নিশ্চিত করতে উন্মুক্ত পরিসরে এ গণনা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।