বরগুনায় নানার বাড়ি বেড়াতে এসে নদীর স্রোতে নিখোঁজ দশম শ্রেণির ছাত্রী

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০৯:৫১ পিএম

ছবি: সংগৃহীত

ঢাকা থেকে বরগুনায় নানার বাড়ি বেড়াতে এসে পায়রা নদীতে গোসল করতে নেমে জুঁই আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। স্বজনদের সঙ্গে নদীতে গোসলের সময় জোয়ারের স্রোতে তলিয়ে যায় সে।

রোববার (১৬ আগস্ট) সকালে বরগুনা সদর উপজেলার লতাকাটা এলাকায় পায়রা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ জুঁই রাজধানীর মিরপুর এলাকার জনি চৌধুরীর মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।

স্বজনরা জানান, ছুটিতে ঢাকা থেকে বরগুনায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল জুঁই। সকালে পরিবারের সদস্যদের সঙ্গে লতাকাটা এলাকায় পায়রা নদীতে গোসল করতে নামে সে। সাঁতার ভালোভাবে না জানায় হঠাৎ জোয়ারের পানির স্রোতে নদীর গভীরে তলিয়ে যায় জুঁই। স্বজন ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে নদীতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করলেও সন্ধান পাওয়া যায়নি।

খবর পেয়ে বরগুনা ফায়ার সার্ভিস ও সদর থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। ফায়ার সার্ভিসের সদস্যরা নদীতে নেমে নিখোঁজ স্কুলছাত্রীর সন্ধানে তল্লাশি চালাচ্ছেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ি থেকে একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পাশাপাশি ফায়ার সার্ভিসের একটি ইউনিট উদ্ধার অভিযান পরিচালনা করছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970