চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৫ শিশুর মৃত্যু, শায়িত হলো ৫ শিশু পাশাপাশি কবরে
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ১১:২৩ পিএম
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর শাখা ‘মরা নদী’তে গোসল করতে নেমে ডুবে মারা যাওয়া ৫ শিশুকে জানাজা শেষে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চর চাকলা গোরস্থানে তাদের দাফন করা হয়।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে দেবীনগর ইউনিয়নের চর চাকলা গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ‘মরা নদী’তে গোসল করতে নামে ৫ শিশু। পানিতে নামার কিছুক্ষণ পরই তারা ডুবে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুদের কেউই সাঁতার জানত না।
এ সময় স্থানীয় এক নারী শিশুদের পানিতে হাবুডুবু খেতে দেখে চিৎকার করে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করেন। একপর্যায়ে পানির নিচ থেকে ৫ শিশুকে উদ্ধার করা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয়।
পরে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। নিহত ৫ শিশু একই এলাকার বাসিন্দা এবং পরস্পরের আত্মীয় হওয়ায় তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান বলেন, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পানিতে ডুবে মারা যাওয়া ৫ শিশুকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসেন জানান, জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ জানতে পারে, পদ্মার শাখা ‘মরা নদী’তে ৫ শিশু ডুবে মারা গেছে। আনুমানিক দুপুর ১টার দিকে তারা গোসল করতে নদীতে নামে। পরে একে একে ৫ জন পানিতে ডুবে যায়।
তিনি আরও জানান, ডুবে যাওয়ার সময় স্থানীয় এক নারী শিশুদের হাবুডুবু খেতে দেখে আশপাশের লোকজনকে ডাকেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। নিহত শিশুদের বয়স ৮ থেকে ১২ বছরের মধ্যে। তারা একই পাড়ায় বসবাস করত এবং পরস্পরের আত্মীয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।