স্কুলে যাওয়ার কথা বলে নদীতে ৪ বন্ধু, স্রোতে তলিয়ে প্রাণ গেল ৩ জন
সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে গোসল করতে নেমে তীব্র স্রোতের কবলে পড়ে তিন স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর এলাকায় মেঘনা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহতরা হলো সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার মো. ফারুকের যমজ দুই ছেলে আরিফিন ও আশিকিন এবং একই এলাকার আব্দুল আলীমের ছেলে আবির। আরিফিন ও আশিকিনের বয়স ১৫ বছর করে এবং আবিরের বয়স ১৪ বছর।
নিহত যমজ দুই ভাই স্থানীয় মোগরাপাড়া এইচ জি জি এস স্মৃতি সরকারি বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। আবির একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণিতে পড়ত।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে স্কুলে যাওয়ার কথা বলে চার সহপাঠী বাসা থেকে বের হয়। পরে তারা মেঘনা নদীর ভাটিবন্দর এলাকায় গিয়ে জড়ো হয়। দুপুর পৌনে ১টার দিকে চার বন্ধু একসঙ্গে নদীতে গোসল করতে নামে।
নদীতে নামার কিছুক্ষণের মধ্যেই তীব্র স্রোতের কবলে পড়ে তিনজন পানিতে তলিয়ে যায়। এ সময় তাদের চতুর্থ বন্ধু আদিয়ান ফারিজ কোনোমতে সাঁতরে তীরে উঠে প্রাণে বাঁচে।
বন্ধুদের নদীতে ভেসে যেতে দেখে আদিয়ান কান্নাকাটি ও চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন। পরে তারা দ্রুত ফায়ার সার্ভিস ও নৌপুলিশকে খবর দেন।
খবর পেয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ সময় তল্লাশির পর রোববার বিকেলে নদী থেকে তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে নদী থেকে তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।