হান্নান মাসউদের স্ত্রীর ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিএনপির বিক্ষোভ

সারাদেশ ডেস্ক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৯:১২ পিএম

ছবি: সংগৃহীত

নোয়াখালী ৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে হাতিয়ার নিঝুমদ্বীপে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে।

ওই পোস্টে নিঝুমদ্বীপের মানুষকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়েছে অভিযোগ তুলে বিএনপি নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন।

বৃহস্পতিবার রাতে নিঝুমদ্বীপ ইউনিয়নের বন্দরটিলা বাজারে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, শ্যামলী সুলতানা জেদনী তার ফেসবুক পোস্টে নিঝুমদ্বীপের মানুষকে ‘কুত্তা পাখি, ছাগল পাখি, গরু পাখি’ বলে উল্লেখ করেছেন। এমন মন্তব্যের মাধ্যমে দ্বীপের বাসিন্দাদের অপমান করা হয়েছে দাবি করে এর প্রতিবাদ জানান তারা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নিঝুমদ্বীপে এসে স্থানীয় মানুষকে প্রাণীর সঙ্গে তুলনা করে মন্তব্য করা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের বক্তব্য তারা ঘৃণাভরে প্রত্যাখ্যান করেন এবং তীব্র নিন্দা জানান।

তারা আরও বলেন, মতপ্রকাশের অধিকার সবার রয়েছে। তবে সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে কোনো ব্যক্তি বা জনগোষ্ঠীর সম্মান ও মর্যাদায় আঘাত করা উচিত নয়।

বিক্ষোভকারীরা জানান, শ্যামলী সুলতানা জেদনীর বক্তব্যের প্রতিবাদে নিঝুমদ্বীপের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছেন। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তারা নিজেদের ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।

সাবেক নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, নিঝুমদ্বীপের মানুষকে নিয়ে এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক। একজন জনপ্রতিনিধির পরিবারের সদস্যের কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত নয়। তারা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান।

সাবেক ইউনিয়ন বিএনপির সহসভাপতি মো. শাহেদ উদ্দিন বলেন, নিঝুমদ্বীপের মানুষকে কোনোভাবেই অপমান করা মেনে নেওয়া হবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ওই বক্তব্যের প্রতিবাদে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে।

বিএনপি নেতা মো. ইব্রাহিম পার্টি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা যেন অন্যের সম্মান ও মর্যাদায় আঘাত না করে। তিনি সংশ্লিষ্ট ব্যক্তিকে ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।

এদিকে শ্যামলী সুলতানা জেদনী তার ওই ফেসবুক পোস্টটি পরে মুছে দিয়েছেন। তবে পোস্টটি মুছে ফেলার বিষয়ে তিনি কোনো ব্যাখ্যা বা মন্তব্য করেননি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন বলেন, নিঝুমদ্বীপে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970