রাজমিস্ত্রি থেকে ব্রাজিলের বিশ্বকাপ দলে ইগর থিয়াগো

খেলাধুলা ডেস্ক

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০৬:৩৭ পিএম

ছবি: সংগৃহীত

দারিদ্র্য আর সংগ্রাম পেরিয়ে বিশ্ব ফুটবলে জায়গা করে নেওয়া লাতিন আমেরিকার কিংবদন্তিদের তালিকায় এবার উঠে এসেছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ইগর থিয়াগোর নাম। ছোটবেলায় বাবাকে হারিয়ে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয়েছিল তাকে। কখনও রাজমিস্ত্রির সহকারী, কখনও ফলের দোকানের বিক্রয়কর্মী, আবার কখনও ডেলিভারি বয় কিংবা গাড়ি পরিষ্কারের কাজ করেছেন তিনি। তবে সব কিছুর মাঝেও ফুটবলকে ছাড়েননি। সেই ফুটবলই বদলে দিয়েছে তার জীবন। এখন তিনি জায়গা পেয়েছেন ব্রাজিলের বিশ্বকাপ দলে।

ব্রাজিলের পারানা রাজ্যে থিয়াগোর ফুটবল যাত্রা শুরু হয়। স্থানীয় পর্যায়ে খেলতে খেলতেই নজরে আসেন তিনি। পরে সুযোগ পান দেশটির ঐতিহ্যবাহী ক্লাব ক্রুজিরোতে। বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ব্রেন্টফোর্ডে খেলছেন এই ফরোয়ার্ড। আসন্ন বিশ্বকাপ সামনে রেখে কোচ কার্লো আনচেলত্তির দলে জায়গা পাওয়ায় নতুন স্বপ্ন দেখছেন তিনি।

ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি আলাদা ভালোবাসা ছিল থিয়াগোর। বাড়ির আঙিনা কিংবা রাস্তায় সুযোগ পেলেই খেলতেন ফুটবল। স্থানীয় পর্যায়ে তার পরিচিতিও তৈরি হয়। পরে একটি এনজিও আয়োজিত টুর্নামেন্টে অংশ নেওয়ার সুযোগ পান তিনি।

মাত্র ১৩ বছর বয়সে বাবাকে হারানোর পর পরিবারের পুরো দায়িত্ব এসে পড়ে তার মায়ের ওপর। সেই সময় সংসারে সহায়তা করতে অনুশীলনের পাশাপাশি বিভিন্ন কাজ করতে হয়েছে থিয়াগোকে।

এক সাক্ষাৎকারে তিনি জানান, ছোট বয়সেই মার্কেটে কাজ শুরু করেন। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করেছেন, ফলের দোকানে বিক্রয়কর্মী ছিলেন এবং বাড়িতে ফল পৌঁছে দেওয়ার কাজও করেছেন। কাজ না থাকলে গাড়ি পরিষ্কার ও ক্লিনারের কাজ করতেন।

এনজিওর হয়ে খেলতে গিয়ে সাবেক ফুটবলার টিকোর নজরে পড়েন থিয়াগো। পরে তাকে পারানা রাজ্যের ছোট ক্লাব ভেরেতে পাঠানো হয়। পরিবার ছেড়ে সেখানে যাওয়াটা ছিল তার জীবনের বড় চ্যালেঞ্জ।

ভেরে ক্লাবে শুরু থেকেই দুর্দান্ত পারফরম্যান্স দেখান তিনি। ২০১৮ সালে পারানা অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা হন। এরপর অনূর্ধ্ব-২০ দলে সুযোগ পান। সেখানেই ক্রুজিরোর স্কাউটদের নজরে আসেন থিয়াগো।

ক্রুজিরোর সঙ্গে প্রথম পেশাদার চুক্তি করলেও শুরুতে মানসিক চাপের মুখে পড়েন তিনি। ক্লাবের প্রত্যাশা, সমালোচনা এবং পরিবার থেকে দূরে থাকার কষ্ট তাকে ভুগিয়েছে। তবে সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নেন এই ফরোয়ার্ড।

পরে বুলগেরিয়ার ক্লাব লুডুগোরেটসে যোগ দেন থিয়াগো। সেখান থেকে বেলজিয়ামের ক্লাব ব্রুজ হয়ে ২০২৪ সালে ৪১ মিলিয়ন ডলারে ব্রেন্টফোর্ডে নাম লেখান তিনি।

প্রিমিয়ার লিগে নিজের দ্বিতীয় মৌসুমে ২২ গোল করেছেন ইগর থিয়াগো। চলতি মৌসুমে আর্লিং হালান্ডের পর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি। গত মার্চে ব্রাজিল জাতীয় দলে ডাক পাওয়ার পর দুই ম্যাচে একটি গোলও করেছেন। এবার বিশ্বকাপে নিজেকে প্রমাণ করাই তার বড় লক্ষ্য।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970