মালয়েশিয়ার জাতীয় ক্রিকেট দলে বাংলাদেশি বংশোদ্ভূত সাকিব
খেলাধুলা ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ১১:৩৭ পিএম
বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার নাজমুস সাকিব মালয়েশিয়ার জাতীয় ক্রিকেট দলে জায়গা করে নিয়ে নতুন এক অনুপ্রেরণার গল্প তৈরি করেছেন। এদিকে, বাংলাদেশের কোনো ক্রীড়া সংগঠন হিসেবে প্রথমবারের মতো তার স্পন্সর হিসেবে পাশে দাঁড়িয়েছে সিএমএফ গ্লোবাল। প্রতিষ্ঠানটির এই উদ্যোগকে দেশের ক্রীড়া অঙ্গনের জন্য একটি স্মরণীয় অর্জন হিসেবে দেখছেন এর কর্ণধার ও প্রবাসী ক্রীড়া সংগঠক আজহার উদ্দিন শাকিল।
জানা গেছে, খুলনা বিভাগের রূপসা থানার বাসিন্দা নাজমুস সাকিব জীবিকার তাগিদে ২০১৮ সালে মালয়েশিয়ায় পাড়ি জমান। প্রবাস জীবনের ব্যস্ততার মধ্যেও ক্রিকেটের প্রতি ভালোবাসা হারিয়ে ফেলেননি তিনি। কঠোর পরিশ্রম ও অদম্য ইচ্ছাশক্তির জোরে ধাপে ধাপে জায়গা করে নেন মালয়েশিয়ার জাতীয় ক্রিকেট দলে।
মালয়েশিয়ার নেগেরি সিমবিলান প্রদেশে সিলিফোকাস এসডিএন নামের একটি প্রতিষ্ঠানে চাকরির পাশাপাশি নিয়মিত টেপ টেনিস ক্রিকেট খেলতেন সাকিব। সেই সূত্রেই পরিচয় হয় মালয়েশিয়া জাতীয় দলের কয়েকজন ক্রিকেটারের সঙ্গে। পরে প্রবাসে থাকা দুই শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় তিনি সুযোগ পান এসএসএফ প্যান্থারস ক্রিকেট ক্লাবে। সেখানে উইকেটকিপার-ব্যাটার হিসেবে অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে স্থানীয় নির্বাচকদের নজর কাড়েন।
ঘরোয়া ক্রিকেটে টানা তিন বছর ধারাবাহিক ভালো পারফরম্যান্সের পর মালয়েশিয়া ‘এ’ দলে ডাক পান তিনি। সিঙ্গাপুরের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে মাত্র ৫০ বলে ১২২ রানের ঝড়ো ইনিংস খেলে নিজের সামর্থ্যের প্রমাণ দেন। এরপর ওমানে অনুষ্ঠিত এশিয়ান ক্রিকেট কাউন্সিল পুরুষদের প্রিমিয়ার কাপ টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য মালয়েশিয়া দলে জায়গা পান।
পরবর্তীতে গত ৮ জুন শুরু হওয়া এশিয়ান ক্রিকেট কাউন্সিল পুরুষদের চ্যালেঞ্জ কাপ ৫০ ওভারের টুর্নামেন্টে মালয়েশিয়ার জার্সিতে আনুষ্ঠানিক অভিষেক হয় নাজমুস সাকিবের। অভিষেক টুর্নামেন্টেই তিনি নজরকাড়া পারফরম্যান্স করেন। থাইল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে মাত্র ২৫ বলে ৫৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। পরে থাইল্যান্ডকে হারিয়ে শিরোপাও জিতে নেয় মালয়েশিয়া।
নিজের ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে নাজমুস সাকিব বলেন, মালয়েশিয়া জাতীয় ক্রিকেট দলকে বিশ্বকাপে দেখতে চান তিনি। পাশাপাশি বিশ্ব র্যাংকিংয়ে দলটিকে সেরা ২০-এর মধ্যে নিয়ে আসতে নিজের সর্বোচ্চটা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে মালয়েশিয়ার হয়ে খেলেও নিজের মাতৃভূমি বাংলাদেশকে গর্বিত করাই তার মূল উদ্দেশ্য বলে জানান তিনি।
একজন সাধারণ প্রবাসীর জাতীয় দলে জায়গা করে নেওয়ার এই সাফল্যে উচ্ছ্বসিত মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশিরাও। স্থানীয় সংবাদকর্মী মোস্তফা ইমরান রাজু বলেন, একজন বাংলাদেশি তরুণের মালয়েশিয়ার জাতীয় দলে খেলা প্রবাসী বাংলাদেশিদের জন্য গর্বের বিষয়। এমন ইতিবাচক অর্জন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশিদের মর্যাদা আরও বাড়াবে।
একই অনুভূতি প্রকাশ করে প্রবাসী ক্রীড়া সংগঠক আজহার উদ্দিন শাকিল বলেন, প্রবাসের মাটিতে একজন বাংলাদেশি তরুণের আন্তর্জাতিক পর্যায়ে মালয়েশিয়ার প্রতিনিধিত্ব করা সব প্রবাসীর জন্যই অনুপ্রেরণার উৎস।