রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় বিএনপি থেকে বহিষ্কৃত লেলিন গ্রেপ্তার

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১০:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের মামলার অন্যতম প্রধান আসামি আবুল কালাম আজাদ লেলিন ওরফে শুটার লেলিনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এর আগেই তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল।

সোমবার ১৯ অক্টোবর দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মোহাম্মদ রাকিব খান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের মিরসরাই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশের মিরপুর জোনাল দল।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার আবুল কালাম আজাদ লেলিনের বয়স ৪৬ বছর। তার বাবার নাম মৃত আবুল হোসেন এবং মায়ের নাম জোসনা বেগম। তার স্থায়ী ও বর্তমান ঠিকানা রাজধানীর শাহ আলী থানার সেকশন ১ এলাকার বি ব্লকের ১ নম্বর সড়কের গ ১১ নম্বর বাড়ি।

মিরপুরের রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানায় একটি মামলা করা হয়। মামলাটির নম্বর ১৯। ওই মামলার এজাহারভুক্ত অন্যতম আসামি লেলিন। গোয়েন্দা পুলিশ সূত্রের দাবি, তার বিরুদ্ধে মিরপুর এলাকায় চাঁদাবাজি, জবরদখল ও ত্রাস সৃষ্টিসহ একাধিক অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত ২৫ জনের বেশি ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তিদের বেশির ভাগই স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী।

পুলিশ আরও জানিয়েছে, এ ঘটনায় সরাসরি জড়িত অন্তত ৪০ জনের একটি তালিকা তৈরি করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970