পিলখানার গেটে ১৭ বছর ধরে স্বামীর অপেক্ষা, সরেজমিনে মিলল ভিন্ন তথ্য
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৯ এএম
২০০৯ সালের বিডিআর বিদ্রোহে স্বামী নিহত হওয়ার পর থেকে দীর্ঘ ১৭ বছর ধরে পিলখানার গেটে লাগেজ নিয়ে অপেক্ষা করছেন এক নারী। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি গল্প ছড়িয়ে পড়লেও সরেজমিন অনুসন্ধানে মিলেছে ভিন্ন তথ্য। ওই নারী জানিয়েছেন, তার বিয়েই হয়নি। ফলে স্বামীর জন্য ১৭ বছর অপেক্ষা করার গল্পটি সম্পূর্ণ ভিত্তিহীন।
সম্প্রতি ‘মিনহাজুল ইসলাম তাজ’ নামের একটি ফেসবুক আইডি থেকে ওই নারীকে নিয়ে একটি ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওর ক্যাপশনে দাবি করা হয়, ২০০৯ সালের বিডিআর বিদ্রোহে নিহত এক সদস্যের স্ত্রী দীর্ঘ ১৭ বছর ধরে পিলখানার গেটে স্বামীর অপেক্ষায় রয়েছেন। প্রকাশের পর ভিডিওটি এক লাখের বেশি বার দেখা হয়।
ভিডিওর বর্ণনায় বলা হয়, বিয়ের মাত্র এক সপ্তাহ পর স্বামীর সঙ্গে কক্সবাজারে মধুচন্দ্রিমায় যাওয়ার পরিকল্পনা করেছিলেন ওই দম্পতি। এ জন্য ছুটির অনুমোদনও পেয়েছিলেন বিডিআর সদস্য। পরিকল্পনা অনুযায়ী, স্ত্রী লাগেজ নিয়ে পিলখানার গেটে অপেক্ষা করবেন। দায়িত্ব শেষ করে পোশাক পরিবর্তন করে স্বামী সেখানে এসে তাকে নিয়ে সরাসরি বাসস্ট্যান্ডে যাবেন। কিন্তু বিডিআর বিদ্রোহে স্বামীর মৃত্যু হওয়ায় তাদের সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি।
এরপর থেকে স্বামীর শোকে ওই নারী প্রতিদিন লাগেজ নিয়ে পিলখানার গেটে অপেক্ষা করছেন বলে দাবি করা হয় সামাজিক যোগাযোগমাধ্যমের ওই পোস্টে।
তবে মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে পিলখানায় বিজিবির ৩ নম্বর গেট এলাকায় সরেজমিনে গিয়ে ওই নারীর সঙ্গে কথা বলে জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গল্পের সঙ্গে বাস্তবতার কোনো মিল নেই।
ওই নারীর নাম শাফি তামান্না নুপুর। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, তার বিয়েই হয়নি। ফলে ১৭ বছর ধরে স্বামীর অপেক্ষায় থাকার বিষয়টি সত্য নয়।
তার সঙ্গে থাকা কাগজপত্র পর্যালোচনা করে জানা যায়, তার গ্রামের বাড়ি ভোলা জেলার বাংলাবাজার এলাকায়। তিনি আগে গাজীপুরে থাকতেন বলে জানান। বর্তমানে প্রায় পাঁচ মাস ধরে আজিমপুর কবরস্থানের পাশের ফুটপাতে অবস্থান করছেন বলেও জানান তিনি।
এদিকে পিলখানার ৩ নম্বর গেট এলাকার কয়েকজন দোকানি ও পথচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, গত চার থেকে পাঁচ মাস ধরে ওই নারীকে সেখানে দেখা যাচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পিলখানার এক কর্মকর্তা জানান, কয়েক মাস ধরে ওই নারীকে সেখানে অবস্থান করতে দেখা যাচ্ছে। তাকে একাধিকবার বুঝিয়ে অন্যত্র যাওয়ার পরামর্শ দেওয়া হলেও তিনি কারও কথা শুনছেন না।
ওই কর্মকর্তাসহ স্থানীয় কয়েকজনের দাবি, ওই নারী মানসিক ভারসাম্যহীন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১৭ বছরের অপেক্ষার গল্পের সঙ্গে বাস্তব ঘটনার কোনো মিল পাওয়া যায়নি।