শিল্পাঞ্চলে এখনো উত্তেজনা, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
মনোযোগ প্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫০ এএম
পোশাকশ্রমিকদের অসন্তোষকে কেন্দ্র করে রাজধানীর আশপাশের শিল্পাঞ্চলগুলোতে এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল থেকেই শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। কারখানাগুলোর আশপাশেও বাড়ানো হয়েছে নিরাপত্তা ও নজরদারি।
এদিকে, আতঙ্ক ও অনিশ্চয়তার মধ্যেও ভোর থেকে কর্মস্থলের উদ্দেশে বের হয়েছেন বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকরা। গত দিনের সংঘর্ষের পর কাজে যোগ দেওয়া নিয়ে অনেকের মধ্যে উদ্বেগ থাকলেও জীবিকার তাগিদে কারখানায় ফিরছেন তারা।
শিল্পাঞ্চলের বিভিন্ন সড়কে সকাল থেকেই শ্রমিকদের চলাচল দেখা গেছে। কোথাও কোথাও শুরু হয়েছে কারখানার উৎপাদন কার্যক্রমও।
তবে নতুন করে শ্রমিক অসন্তোষ বা উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কায় সতর্ক রয়েছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে নজরদারি অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।