তারানা হালিমের সন্ধানে গুলশানের বাসায় পুলিশের অভিযান

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১০:৫১ পিএম

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলশান-২ নম্বরে সাবেক সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের বাসায় পুলিশের উপস্থিতি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার বিকেলে পুলিশ সদস্যরা ওই ভবনে গেলেও বাসায় তারানা হালিমকে পাওয়া যায়নি।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৩টার পর গুলশান-২ এলাকার ওই ভবনে যান পুলিশ সদস্যরা। সন্ধ্যা ৭টা ৪০ মিনিট পর্যন্ত সেখানে পুলিশের উপস্থিতি দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে ১০ থেকে ১২ জন পুলিশ সদস্যের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা সদস্যদেরও দেখা গেছে। এ সময় বাসার সামনে একটি মালবাহী পিকআপও অবস্থান করছিল।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদ নুর জানান, একটি তথ্যের ভিত্তিতে পুলিশ ওই বাসায় গিয়েছিল। তবে সেখানে গিয়ে প্রত্যাশিত কিছু পাওয়া যায়নি। এ ঘটনার সঙ্গে তারানা হালিমের কোনো সংশ্লিষ্টতা নেই।

ভবনের নিরাপত্তাকর্মী শরিফ মিয়া জানান, বিকেল ৩টার পর পুলিশ সদস্যরা সেখানে যান। এ সময় বাসা থেকে কিছু মালপত্র নামানো হয়। তবে তারানা হালিম বাসায় ছিলেন না।

তিনি আরও জানান, তারানা হালিমের বাবা ভবনটির চারতলায় থাকেন। দুই নারী পুলিশ সদস্য উপরে গেলেও সেখান থেকে কোনো কিছু বের করেননি। বাসার ভেতরেও কেউ ছিলেন না। চালক কিছু মালপত্র নিচে নামিয়েছিলেন।

সন্ধ্যা পর্যন্ত ওই ভবনে পুলিশের উপস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যে নানা কৌতূহল তৈরি হয়। তবে পুলিশের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে, তাদের ওই বাসায় যাওয়ার সঙ্গে তারানা হালিমের কোনো সম্পর্ক নেই।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970