দীর্ঘ ১০ বছর পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২৩ জানুয়ারি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২০ এএম

ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৩ জানুয়ারি ২০২৭ বিশ্ববিদ্যালয়টির দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। বিষয়টি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।

প্রথম সমাবর্তনের প্রায় এক দশক পর দ্বিতীয়বারের মতো এই আয়োজন হতে যাচ্ছে। এর মাধ্যমে দীর্ঘদিন পর বিশ্ববিদ্যালয়টির গ্র্যাজুয়েটদের আনুষ্ঠানিকভাবে সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।

সম্প্রতি ঢাকা পোস্টকে উপাচার্য জানান, দ্বিতীয় সমাবর্তন আয়োজনের প্রস্তুতি নিয়ে কাজ করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রাথমিকভাবে আগামী বছরের ২৩ জানুয়ারি সমাবর্তনের তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে কোন কোন শিক্ষাবর্ষের গ্র্যাজুয়েটরা এতে অংশ নেওয়ার সুযোগ পাবেন, কতজন নিবন্ধনের সুযোগ পাবেন এবং কোথায় সমাবর্তন অনুষ্ঠিত হবে, এসব বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এর আগে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ১৭ জানুয়ারি। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ওই আয়োজনে তৎকালীন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ সভাপতিত্ব করেন।

প্রথম সমাবর্তনে ১৯৯৮ থেকে ২০১২ সাল পর্যন্ত স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী ৪ হাজার ৯৩২ জন গ্র্যাজুয়েট অংশ নেন। ওই অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন তৎকালীন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান।

প্রথম সমাবর্তনের পর দ্বিতীয় আয়োজনের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে গ্র্যাজুয়েটদের। বিভিন্ন সময়ে সমাবর্তন আয়োজনের প্রত্যাশা তৈরি হলেও নানা কারণে তা সম্ভব হয়নি। এবার দ্বিতীয় সমাবর্তনের তারিখ নির্ধারণ হওয়ায় দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে।

১৯৯২ সালে প্রতিষ্ঠিত জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের বিভিন্ন জেলা ও উপজেলা পর্যায়ের কলেজকে একটি কেন্দ্রীয় প্রশাসনিক কাঠামোর আওতায় এনে উচ্চশিক্ষার সুযোগ বিস্তারের লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলের দুই হাজারের বেশি অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয়ের অধীনে পড়াশোনা করছেন। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এর অধীনে প্রায় ২৯ লাখ শিক্ষার্থী উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত।

বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, সমাবর্তনের মাধ্যমে ডিগ্রি অর্জনকারী শিক্ষার্থীদের আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়। অনুষ্ঠানে চ্যান্সেলর বা তাঁর মনোনীত প্রতিনিধি গ্র্যাজুয়েটদের ডিগ্রি প্রদান করেন। পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের একাডেমিক সম্মাননা ও স্বর্ণপদক দেওয়া হয়। একজন বিশিষ্ট ব্যক্তিকে সমাবর্তন বক্তা হিসেবেও আমন্ত্রণ জানানো হয়।

দ্বিতীয় সমাবর্তন সামনে রেখে গ্র্যাজুয়েটদের নিবন্ধন, সনদ প্রস্তুত, একাডেমিক পোশাক, অনুষ্ঠানস্থলসহ আনুষঙ্গিক কার্যক্রম নিয়ে কাজ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কোন শিক্ষাবর্ষ পর্যন্ত গ্র্যাজুয়েটরা সমাবর্তনে অংশ নেওয়ার সুযোগ পাবেন, তা চূড়ান্ত হওয়ার পর নিবন্ধনসহ পরবর্তী কার্যক্রম শুরু হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970