শিক্ষিকার ভ্রমণচিত্র এআই দিয়ে বিকৃত করে ব্ল্যাকমেইলের চেষ্টা

মফস্বল সংবাদ ডেস্ক

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১০:৫২ এএম

কলেজের সহপাঠী ও বন্ধুদের সঙ্গে শিক্ষাসফরে গিয়ে ভয়াবহ সাইবার অপরাধের শিকার হয়েছেন একটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এক সহকারী শিক্ষিকা। গত ২৯ অক্টোবর শ্রীমঙ্গলে গ্রুপ ট্যুরে কাটানো ভ্রমণের বিভিন্ন ছবি ও ভিডিও ক্লিপ সংগ্রহ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বা এডিটিং প্রযুক্তির সহায়তায় বিকৃত করা হয়েছে।

পরবর্তীতে বিকৃত এসব ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া এবং ভুক্তভোগী ও তার শুভাকাঙ্ক্ষীদের ইনবক্সে পাঠিয়ে ব্ল্যাকমেইল ও বিভ্রান্তি ছড়ানোর মারাত্মক অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগী শিক্ষিকার ভাষ্যমতে, গত ২৯ অক্টোবর তিনি তাঁর কলেজের সহপাঠী ও বন্ধু-বান্ধবীদের সাথে শ্রীমঙ্গলে একটি গ্রুপ ট্যুরে যান। সফরকালে খোলা জীপে ভ্রমণ ও বিনোদনের সময় তোলা স্বাভাবিক ভিডিও ও ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে যুক্ত থাকা এক বা একাধিক ব্যক্তি সংগ্রহ করে।

সরবরাহকৃত ছবি ও স্ক্রিনশট বিশ্লেষণে দেখা যায়, ভ্রমণকালে শিক্ষিকার গায়ে থাকা স্বাভাবিক পোশাকের ছবি ডিজিটাল এডিটিং বা AI প্রযুক্তি ব্যবহার করে ওড়না ছাড়া বা অসৌজন্যমূলকভাবে উপস্থাপন করা হয়েছে। চক্রটি এসব বিকৃত ছবি ব্যবহার করে ফেসবুকে কুৎসা রটনামূলক পোস্ট তৈরি করে এবং আপত্তিকর ক্যাপশন লিখে শিক্ষিকা ও তাঁর পরিবারকে সামাজিকভাবে হেয় করার অপচেষ্টা চালায়। এছাড়া মেসেঞ্জার চ্যাটের স্ক্রিনশটে দেখা যায় যে, চক্রটি ভুক্তভোগী শিক্ষিকার পরিচিত ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীদের ইনবক্সে ওই বিকৃত ছবিগুলো পাঠিয়েছে। ইনবক্সে পাঠানো ছবি নিয়ে ভুক্তভোগী ও তাঁর পরিচিতদের মধ্যে বাকবিতণ্ডা ও বিভ্রান্তি তৈরি হতে দেখা গেছে, যেখানে ভুক্তভোগী শিক্ষিকা স্পষ্ট ভাষায় জানান-এগুলো এডিটেড ছবি এবং এটি সাইবার অপরাধীদের একটি চক্রান্ত।

ঘটনার তীব্র ক্ষোভ ও বিচার দাবি করে ভুক্তভোগী শিক্ষিকা জানান, তিনি কলেজ থেকে শ্রীমঙ্গল গ্রুপ ট্যুরে গিয়েছিলেন এবং সেই সুযোগটি নিয়ে একটি চক্র এআই দিয়ে তার ওড়না ছাড়া ছবি বানিয়ে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে। তারা কেবল ছবি পোস্ট করেই ক্ষান্ত হয়নি, তার শুভাকাঙ্ক্ষীদের ইনবক্সে পাঠিয়ে সামাজিক ও মানসিকভাবে ব্ল্যাকমেইল ও বিভ্রান্ত করার চেষ্টা করছে। এ বিষয়ে তিনি সাইবার অপরাধীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আইনগত দাবি জানিয়েছেন।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, বর্তমানে এআই ও ডিপফেক প্রযুক্তির অপব্যবহার করে নারীদের ছবি বিকৃত করা এবং পরবর্তীতে ব্ল্যাকমেইল করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। আইন বিশেষজ্ঞদের মতে, অনুমতি ছাড়া কারও ব্যক্তিগত ছবি সংগ্রহ করে এআই দিয়ে বিকৃত করা ডিজিটাল নিরাপত্তা ও সাইবার আইনের অধীনে মারাত্মক দণ্ডনীয় অপরাধ। বিশেষজ্ঞরা অনতিবিলম্বে থানায় সাধারণ ডায়েরি বা সিআইডি সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970