সাইবার বুলিং ও হুমকির অভিযোগে জিডি করলেন ইফফাত আরা তিথি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৮:০১ পিএম
অভিনেতা যাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহত্যার ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হওয়া বিতর্ক নতুন মোড় নিয়েছে। ব্যাপক সাইবার বুলিং ও হুমকির অভিযোগ তুলে এবার আইনের আশ্রয় নিয়েছেন অভিনেত্রী ইফফাত আরা তিথি। নিজের ও পরিবারের নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন।
তিথির অভিযোগ, সাম্প্রতিক সময়ে তাকে লক্ষ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে অপমানজনক মন্তব্য, কটূক্তি এবং ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে তার নামে ভুয়া ছবি তৈরি ও প্রচার করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এসব ঘটনায় তার পরিবারকেও জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগে আরও বলা হয়েছে, তাকে এবং তার পরিবারের সদস্যদের উদ্দেশ্যে শুধু কটূক্তিই নয়, হত্যা ও ধর্ষণের মতো গুরুতর হুমকিও দেওয়া হয়েছে। এছাড়া তার অনুমতি ছাড়া ব্যক্তিগত ফোনালাপের রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এমনকি তার বাসার ঠিকানাও প্রকাশ করা হয়েছে, যা তার ও পরিবারের নিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে তিনি মনে করেন।
তিথি জানান, এসব ঘটনার প্রমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জমা দেওয়া হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
এ ধরনের মানহানি বা সাইবার ট্রায়ালের শিকার হলে ভবিষ্যতে আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। দেশের প্রচলিত আইনের প্রতি আস্থা প্রকাশ করে তিথি বলেন, যদি তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে তবে তা আদালতের মাধ্যমে বিচার হওয়া উচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ বা কনটেন্টের জন্য কাউকে লক্ষ্য করে সাইবার ট্রায়াল তিনি মেনে নেবেন না। একই সঙ্গে যারা এসব সাইবার অপরাধের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।