আমাকে আগের মতো গ্ল্যামারাস লাগে না: পিয়া জান্নাতুল
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পিএম
র্যাম্প মডেলিংয়ের মাধ্যমে পরিচিতি পাওয়া পিয়া জান্নাতুল অভিনয়ের পাশাপাশি আইন পেশায়ও যুক্ত রয়েছেন। পেশাগত ব্যস্ততার মধ্যেও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের নানা ভাবনা ও ব্যক্তিগত মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তিনি। সম্প্রতি নিজের চেহারায় ক্লান্তির ছাপ এবং আগের মতো গ্ল্যামারাস না দেখানোর বিষয়টি নিয়ে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন এই তারকা।
পোস্টে পিয়া লিখেছেন, অনেকেই তাকে বলেন, ইদানীং তাকে বেশ ক্লান্ত দেখায়। বিষয়টি স্বীকার করে তিনি জানান, সত্যিই তাকে এখন ক্লান্ত দেখায়। আগের মতো সব সময় পরিপাটি কিংবা গ্ল্যামারাসও লাগে না। তবে এ নিয়ে তার কোনো আক্ষেপ নেই।
এর কারণ ব্যাখ্যা করে পিয়া বলেন, জীবনে সব সময় সুন্দর দেখানো কিংবা নিজেকে নিখুঁতভাবে উপস্থাপন করাই সবকিছু নয়। তার এই ক্লান্ত চেহারার পেছনে রয়েছে অনেক দায়িত্ব, ব্যস্ততা, ছোট ছোট অর্জন, ভালো লাগার মুহূর্ত এবং অসংখ্য দোয়া।
পোস্টের শেষাংশে নিজের প্রাপ্তি ও স্বপ্ন পূরণের কথাও তুলে ধরেছেন পিয়া। তিনি জানান, একসময় যেসব বিষয় কেবল স্বপ্নে দেখতেন, সেগুলোর অনেক কিছুই এখন তার জীবনের অংশ হয়ে উঠেছে। জীবনের সবকিছু নিখুঁত না হলেও যা পেয়েছেন, তা নিয়েই সন্তুষ্ট ও কৃতজ্ঞ তিনি।
পিয়ার এই পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের অনেকে নিজেদের মতামত জানিয়েছেন। একজন মন্তব্যে লিখেছেন, জীবনে অনেক অর্জন থাকলেও সততার কোনো বিকল্প নেই। পরিশ্রমী মানুষেরও কখনো কখনো শরীর ও মন অসহায় বোধ করতে পারে।
আরেকজন মন্তব্য করেছেন, নিজের কাছে সৎ থাকা এবং অন্যের ভালো চিন্তা ও উপকার করার মধ্যেই মানসিক প্রশান্তি রয়েছে।