গ্রেফতারি পরোয়ানা জারি নিয়ে যা বললেন পরীমনি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৭ এএম
আলোচিত চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন আদালত। ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের করা একটি মামলায় নির্ধারিত তারিখে আদালতে হাজির না হওয়ায় তার জামিন বাতিল করে এ আদেশ দেওয়া হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহফুজুর রহমান এ আদেশ দেন।
নিজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর প্রতিক্রিয়া জানিয়েছেন পরীমনি। গণমাধ্যমকে তিনি বলেন, বৃহস্পতিবার আদালতে যাব। যেহেতু পরোয়ানা জারি করে ফেলেছে, কিছুই তো করার নেই।
এ মামলাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে হয়রানির শিকার হচ্ছেন বলেও অভিযোগ করেন এই চিত্রনায়িকা। পরীমনি বলেন, মামলার কারণে জীবনের বিভিন্ন ক্ষেত্রে চাপ তৈরি হচ্ছে। এই জীবনে যা হচ্ছে, সেগুলো খুব একটা আরামের নয়।
মামলার তদন্ত নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন পরীমনি। তার অভিযোগ, মামলাটি যথাযথভাবে তদন্ত করা হচ্ছে না। তিনি বলেন, তদন্ত সঠিকভাবে হওয়া দরকার। তাহলে কি এই মামলা সারা জীবন চলবে?
আদালত সূত্রে জানা গেছে, মামলাটিতে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এদিন বাদীপক্ষ আসামিদের জামিন বাতিলের আবেদন করেন। অন্যদিকে, পরীমনির পক্ষের আইনজীবী সময়ের আবেদন করেন। আবেদনে জানানো হয়, অ্যালার্জিজনিত রোগে আক্রান্ত থাকায় তিনি আদালতে উপস্থিত হতে পারেননি।
পরে আদালত বাদীপক্ষের আবেদন মঞ্জুর করে পরীমনির জামিন বাতিল করেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।