ইসলাম ধর্ম গ্রহণ করার কারণ জানালেন অভিনেত্রী দীপিকা কাকার
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৬:৩৯ পিএম
ভারতের জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী দীপিকা কাকার জানিয়েছেন, প্রেম কিংবা বিয়ের কারণে নয়, বরং নিজের বিশ্বাস ও মানসিক প্রশান্তির খোঁজ থেকেই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এ সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ ব্যক্তিগত এবং এর সঙ্গে তার বিয়ের কোনো সম্পর্ক ছিল না।
দীর্ঘদিন ধরে প্রচলিত ধারণার বিপরীতে এ তথ্য প্রকাশ করেছেন দীপিকার ‘সাসুরাল সিমার কা’ ধারাবাহিকের সহ-অভিনেত্রী জয়তী ভাটিয়া। তিনি এক সাক্ষাৎকারে জানান, ২০১৮ সালে অভিনেতা শোয়েব ইব্রাহিমকে বিয়ের আগেই দীপিকা ইসলাম ধর্ম গ্রহণ করেন।
জয়তী ভাটিয়ার ভাষ্য অনুযায়ী, ‘সাসুরাল সিমার কা’ ধারাবাহিকে একসঙ্গে কাজ করার সময় দীপিকা ও শোয়েবের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। তিনি বলেন, দীপিকা যে কাজই করেন, সেটি আন্তরিকতার সঙ্গে করেন। সম্পর্কের ক্ষেত্রেও তিনি একইভাবে শতভাগ নিবেদিত ছিলেন।
ধারাবাহিকটি শেষ হওয়ার পর দীপিকা কয়েকটি রিয়েলিটি অনুষ্ঠানে অংশ নেন। পরে তিনি শোয়েব ইব্রাহিমকে বিয়ে করেন। একপর্যায়ে জয়তী ভাটিয়া সরাসরি জানতে চান, বিয়ের কারণেই কি দীপিকা ইসলাম গ্রহণ করেছিলেন। জবাবে দীপিকা স্পষ্টভাবে জানান, তার সিদ্ধান্তের সঙ্গে বিয়ের কোনো সম্পর্ক ছিল না।
জয়তী আরও জানান, জীবনের কঠিন এক সময়ে দীপিকা আজমীর শরিফ দরগাহে গিয়েছিলেন। সেখানে গিয়ে তিনি মানসিক শান্তি ও আত্মিক শক্তি অনুভব করেন। এরপর নিজের উপলব্ধি থেকেই ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত নেন। এটি ছিল সম্পূর্ণ তার ব্যক্তিগত বিশ্বাসের বিষয়।
দীপিকার ধর্মান্তর নিয়ে বিভিন্ন সময়ে ওঠা সমালোচনারও জবাব দেন জয়তী ভাটিয়া। তিনি বলেন, দীপিকা ও শোয়েব সবসময় একে অপরকে সমানভাবে সহযোগিতা করেছেন। দীপিকার অসুস্থতার সময় যেমন শোয়েব পাশে ছিলেন, তেমনি দীর্ঘদিন ধরে শোয়েবের পরিবারের প্রতিও দায়িত্ব পালন করেছেন দীপিকা।
উল্লেখ্য, ২০২৫ সালে দীপিকা কাকারের ক্যানসার ধরা পড়ে। এরপর থেকে স্বামী শোয়েব ইব্রাহিমকে সঙ্গে নিয়ে পরিচালিত ভিডিও ব্লগে তিনি নিয়মিত নিজের চিকিৎসা ও সুস্থতার অগ্রগতির খবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন।
২০১৮ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন দীপিকা কাকার ও শোয়েব ইব্রাহিম। বর্তমানে তাদের তিন বছর বয়সী এক ছেলে রয়েছে, যার নাম রুহান।