অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৬, ১১:০৩ পিএম

ছবি: সংগৃহীত

ফরিদপুর শহরের পশ্চিম আলীপুরে অভিনেতা ও কণ্ঠশিল্পী ফজলুর রহমান বাবুর ‘কামরাঙ্গা’ নামের বাসভবনে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা বাড়িটির বিদ্যুতের মেইন লাইনের তার, দুটি স্প্লিট এসির ভেতরের তামার তারসহ বাইরে থাকা বিভিন্ন মালামাল নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন তিনি।

এ ঘটনায় মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে ফরিদপুর কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ফজলুর রহমান বাবু।

ফজলুর রহমান বাবু জানান, পেশাগত কারণে তিনি পরিবারের সঙ্গে ঢাকায় থাকেন। মাসে এক-দুইবার ফরিদপুরের পৈতৃক বাড়িতে আসেন। প্রায় ২০-২৫ দিন আগে বাড়িতে এসে দুই দিন অবস্থান করে ঢাকায় ফিরে যান। সোমবার রাতে আবার বাড়িতে এসে বিদ্যুতের লাইট জ্বালাতে গেলে দেখতে পান, কোনো লাইটই জ্বলছে না।

পরে বাইরে গিয়ে তিনি দেখতে পান, বাড়ির মেইন লাইনের বৈদ্যুতিক তার কেটে নিয়ে গেছে চোরেরা। একইভাবে ছাদের দুটি স্প্লিট এসির ভেতরের তামার তারও কেটে নেওয়া হয়েছে। এ ছাড়া বাইরে থাকা আরও কিছু মালামাল চুরি হয়েছে।

ফজলুর রহমান বাবু বলেন, দীর্ঘ সময় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় ফ্রিজে থাকা খাবারসহ বিভিন্ন জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। এর আগেও প্রায় ছয়-সাত মাস আগে তার বাড়ির বৈদ্যুতিক তার কেটে নিয়ে গিয়েছিল চোরেরা।

তিনি আরও বলেন, শুধু তার বাড়িতেই নয়, আশপাশের প্রায় প্রতিটি বাড়ি থেকেই নিয়মিত এসি, বৈদ্যুতিক তার ও গ্যারেজের সরঞ্জাম চুরি হচ্ছে। একসময় পশ্চিম আলীপুর শান্ত ও নিরাপদ এলাকা হিসেবে পরিচিত থাকলেও বর্তমানে সেখানে চুরির উপদ্রব বেড়েছে।

স্থানীয়দের অভিযোগ, চুরির সঙ্গে জড়িতদের অনেকেই মাদকসেবী। নেশার টাকা জোগাড় করতেই তারা এসব চুরি করছে বলে অভিযোগ রয়েছে।

ফজলুর রহমান বাবু বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে তারা শঙ্কিত।

স্থানীয় সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে পশ্চিম আলীপুর এলাকায় চুরির ঘটনা বেড়েছে। পল্লীকবি জসীমউদ্দীনের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক বাড়িতেও সম্প্রতি তার কাটতে গিয়ে এক ব্যক্তি হাতেনাতে ধরা পড়েছিলেন।

ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহামুদুল হাসান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, অভিনেতা ফজলুর রহমান বাবু তার বাসভবন থেকে বৈদ্যুতিক তার চুরির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করেছেন। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: জাহিদুল ইসলাম

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970