বিয়ের ৫ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা বাদশাহ-ইশা রিখির

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৫ এএম

ছবি: সংগৃহীত

ভারতীয় র‍্যাপার বাদশাহ ও পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখি বিয়ের মাত্র পাঁচ মাসের মাথায় বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন। পারস্পরিক সিদ্ধান্তেই তারা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন।

সোমবার (৩১ আগস্ট) রাতে নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে যৌথ বিবৃতি দিয়ে বিচ্ছেদের বিষয়টি নিশ্চিত করেন বাদশাহ ও ইশা রিখি।

গত মার্চে ঘরোয়া আয়োজনে বিয়ে করেছিলেন তারা। এরপর জুলাই থেকে তাদের সম্পর্কে টানাপোড়েন চলছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়ে পড়ে। তবে এতদিন এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি বাদশাহ বা ইশা।

ইনস্টাগ্রাম স্টোরিতে বাদশাহ লেখেন, তিনি ও ইশা রিখি পারস্পরিক সিদ্ধান্তে আলাদা হয়ে নিজেদের পৃথক পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। পারস্পরিক সম্মানের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। একইসঙ্গে এই সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর জন্য সবার প্রতি অনুরোধ করেন।

বিষয়টি নিয়ে আর কোনো কল্পনা বা অনুমান না করার অনুরোধ জানিয়ে বাদশাহ বলেন, এ বিষয়ে এটিই তাদের একমাত্র বক্তব্য।

এর আগে জুলাইয়ে ইশা রিখি নিজের ও বাদশাহর বেশ কিছু ছবি ও ভিডিও নিয়ে একটি পোস্ট দিয়েছিলেন। সেখানে তিনি লিখেছিলেন, ‘প্রতিটি ঝড়ই একটি শিক্ষা। প্রতিটি প্রার্থনাই আশা।’ পোস্টের সঙ্গে ভাঙা হৃদয় ও প্রার্থনার ইমোজিও ব্যবহার করেছিলেন তিনি। এরপরই তাদের সম্পর্কে সমস্যা চলছে কি না, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়।

সম্প্রতি ইশার মা পুনম রিখিও সামাজিক যোগাযোগমাধ্যমে কর্মফল বা কর্মের পরিণতি নিয়ে একাধিক পোস্ট করেন। এসব পোস্টকে ঘিরেও বাদশাহ ও ইশার সম্পর্ক নিয়ে নতুন করে গুঞ্জন ছড়ায়।

এর আগে জুনে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নোত্তর পর্বে অংশ নিয়ে বাদশাহকে বিয়ে করার বিষয়টি নিশ্চিত করেছিলেন ইশা রিখি।

এদিকে বিচ্ছেদের ঘোষণা এমন সময়ে এলো, যখন গুঞ্জন চলছে, সালমান খান উপস্থাপিত ‘বিগ বস ২০’-এর সম্ভাব্য প্রতিযোগীদের তালিকায় ইশা রিখির নাম রয়েছে।

এর আগে জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন বাদশাহ। ২০২০ সালে তাদের বিচ্ছেদ চূড়ান্ত হয়। সেই সংসারে তাদের একটি মেয়ে রয়েছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970