ইউটিউব চ্যানেল খুললেন সালমান খান, তবে...
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ০৯:৩৪ পিএম
বলিউডের জনপ্রিয় অভিনেতা সালমান খান এবার পা রাখলেন ইউটিউব দুনিয়ায়। বর্তমানে ‘বিগ বস’ নিয়ে আলোচনায় থাকা এই তারকা নিজের আনুষ্ঠানিক ইউটিউব চ্যানেল চালু করেছেন। চ্যানেলটি ঘিরে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল ও আগ্রহ।
সালমান খানের নতুন এই চ্যানেলের নাম ‘বিয়িং দ্য সালমান খান’। চ্যানেলটি চালুর পর দর্শকদের কাছ থেকে পাওয়া ইতিবাচক সাড়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেতা। তবে চ্যানেলের বিষয়বস্তু নিয়ে দর্শকদের মধ্যে তৈরি হওয়া কৌতূহলও দূর করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সালমান খান জানিয়েছেন, তাঁর ইউটিউব চ্যানেলের কনটেন্ট মূলত শিশুদের জন্য তৈরি করা হয়েছে। তিনি লিখেছেন, ‘আমার ইউটিউব চ্যানেল দেখার জন্য ধন্যবাদ। আমি বুঝতে পারছি, কনটেন্টটি হয়তো এই মুহূর্তে আপনাদের জন্য নয়। তবে আপনাদের বুঝতে হবে, এটি আপনাদের ছোট সোনামণিদের জন্য।’
চ্যানেলটির উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে সালমান আরও বলেন, ‘দেখা যাক এটি কীভাবে এগোয়। বাচ্চাদের পড়াশোনার পাশাপাশি একটু হাসি মস্করা, ভালোবাসা এবং পারিবারিক শিক্ষাটাও জরুরি, তাই না?’
সালমান খানের বক্তব্যে স্পষ্ট হয়েছে, প্রচলিত তারকাদের ব্যক্তিগত ভিডিওর বাইরে গিয়ে শিশুদের জন্য শিক্ষামূলক ও বিনোদনধর্মী কনটেন্ট তৈরি করতে চান তিনি। শিশুদের পড়াশোনার পাশাপাশি আনন্দ, ভালোবাসা ও পারিবারিক মূল্যবোধের বিষয়গুলো তুলে ধরাই তাঁর এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।