ভেনিসে হামলা ও হেনস্তার শিকার বাঁধন, ফেসবুক লাইভে এসে যা বললেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ এএম

ছবি: সংগৃহীত

ইতালির ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে হামলা ও হেনস্তার শিকার হওয়ার অভিযোগ করেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ভেনিসের একটি পার্কে ভাইয়ের সঙ্গে ঘুরতে গিয়ে একদল বাঙালির হাতে শারীরিকভাবে হেনস্তার শিকার হয়েছেন বলে জানিয়েছেন তিনি। এ ঘটনার নেপথ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা ছিলেন বলে অভিযোগ উঠেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও হামলার ঘটনার কিছু দৃশ্য দেখা গেছে। সেখানে হামলাকারীদের একজন বাঁধনকে দেখিয়ে তাকে ‘জুলাই জঙ্গি’ হিসেবে আখ্যা দেন এবং নিজেদের ভেনিস ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দেন। এ সময় তাকে ‘দেশদ্রোহী’ ও দেশ ধ্বংসের সঙ্গে জড়িত বলেও অপবাদ দেওয়া হয়।

ঘটনার পর বাঁধনকে নিরাপদ স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করেন তার সঙ্গে থাকা ভাই। হামলার ঘটনায় অভিনেত্রীর মুখে আঘাতের চিহ্ন দেখা যায়। পরে সোমবার মধ্যরাতে ফেসবুক লাইভে এসে পুরো ঘটনা তুলে ধরেন তিনি।

ফেসবুক লাইভে বাঁধন বলেন, আমি আমার ভাইয়ের সাথে পার্কে গিয়েছিলাম। কিন্তু এখানে অনেক বাঙালি ভাইয়েরা এসে আমাকে শারীরিকভাবে হেনস্থা করেছে। আমার গায়ে পানি, কোক এগুলো ছুঁড়ে মারছে। আমি একদম ভিজে গেছি। আমার সাথে আমার ভাইয়ের ছোট বাচ্চাটাও ছিল। তারা আমার গায়েও হাত তুলেছে, আমার ফোন ফেলে দিয়েছে, আমার কানের এখানে বাড়ি মেরেছে। সো এগুলো তারা করেছে।

তিনি আরও বলেন, তারা বলেছে যে আমি জুলাই যোদ্ধা। হ্যাঁ আমি জুলাই যোদ্ধা। আমি অবশ্যই জুলাইতে আন্দোলনে অংশগ্রহণ করেছি। তারা বলেছে যে তারা বঙ্গবন্ধুর সৈনিক। তারা আমাকে বলেছে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে জোর করে। তো এবং তারা সেগুলো ভিডিও করেছে এবং সেগুলো তারা লাইভ করছিল, আপলোড করছিল।

বাঁধন বলেন, আওয়ামী লীগের যে কর্মীরা জানেন না যে আমি বাংলাদেশ থেকে যে সিনেমাটা নিয়ে ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে আসছি, সেই সিনেমাটার ডিরেক্টর হচ্ছে রুবাইয়াত হোসেন, যার বাবা আপনাদের একজন সম্মানিত মন্ত্রী ছিলেন। আপনারা একটু খবর নিয়ে দেখবেন। সো আমি তার সাথে কাজ করেছি এবং জুলাইয়ের পরেই কাজ করেছি।

অভিনেত্রী আরও বলেন, আপনারা যে কাজটা আজকে করেছেন, আমি বলব যে আপনাদের এই ধরনের অসংলগ্ন আচরণ থেকে আপনাদের বের হয়ে আসা উচিত ছিল, যেটা আপনারা করতে পারেন নি। আপনারা ভেবেছেন যে আমরা এইভাবে করেই হয়তো পরবর্তীতে আমাদের জায়গাটা আবার সুগঠিত করতে পারব। সেটা আমার মনে হচ্ছে না আপনাদের এই ধরনের আচরণের কারণে।

জানা গেছে, এ ঘটনার পরিপ্রেক্ষিতে ভেনিসের একটি থানায় অভিযোগ দায়ের করেছেন বাঁধন। তবে অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ছাত্র জনতার আন্দোলনে রাজপথে সক্রিয়ভাবে অংশ নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও তৎকালীন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোচ্চার ছিলেন আজমেরী হক বাঁধন। সেই রাজনৈতিক অবস্থানের প্রেক্ষাপটেই ভেনিসে তার ওপর হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970