ডনের আচরণে সালমান শাহ হত্যায় জড়িত থাকার প্রমাণ মিলছে: সিআইডি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম

ছবি: সংগৃহীত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক আশরাফুল হক ডনের আচরণ ও চালচলন বিশ্লেষণ করে তার হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে অনেক তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তবে জিজ্ঞাসাবাদে মামলার গুরুত্বপূর্ণ অনেক তথ্য তিনি গোপন করেছেন বলেও দাবি করেছে সংস্থাটি।

পাঁচ দিনের জিজ্ঞাসাবাদ শেষে বুধবার (৯ সেপ্টেম্বর) ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শাহ আলম।

জিজ্ঞাসাবাদ শেষে ডনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ও সিআইডির পরিদর্শক মো. মুজিবুর রহমান।

আবেদনে বলা হয়, মামলার পলাতক আসামিদের বিষয়ে জিজ্ঞাসাবাদে ডন তাদের চেনেন বলে স্বীকার করলেও মামলার গুরুত্বপূর্ণ অনেক তথ্য গোপন করেছেন। সালমান শাহর ঘনিষ্ঠ বন্ধু হিসেবে তার সঙ্গে চলাফেরা করায় চিত্রনায়কের বিভিন্ন বিষয় সম্পর্কে ডনের জানাশোনা ছিল।

তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, সালমান শাহর মৃত্যু ও মামলার ঘটনা সম্পর্কে জিজ্ঞাসাবাদের সময় ডন অত্যন্ত কৌশলে উত্তর দিয়েছেন। তবে ঘটনার আগে, ঘটনার সময় এবং পরবর্তী সময়ে তার আচরণ ও চালচলন বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়ে বেশ কিছু তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে।

সিআইডি জানিয়েছে, এসব তথ্য বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে। ডন অত্যন্ত চতুর প্রকৃতির হওয়ায় মামলার ঘটনা সম্পর্কিত গুরুত্বপূর্ণ অনেক তথ্য গোপন করেছেন বলে তদন্ত সংশ্লিষ্টদের ধারণা।

আবেদনে আরও বলা হয়, তদন্তের স্বার্থে প্রয়োজন হলে আদালতের অনুমতি নিয়ে ডনকে পুনরায় জিজ্ঞাসাবাদ করা হতে পারে। এ কারণে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন।

এর আগে গত ৯ আগস্ট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের হাতে গ্রেপ্তার হন ডন। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

গত ২০ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা ডনের সাত দিনের জিজ্ঞাসাবাদের আবেদন করেন। পরে ২৭ আগস্ট আদালত পাঁচ দিনের জিজ্ঞাসাবাদ মঞ্জুর করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970