দীঘির সঙ্গে ছবি তুলেননি তথ্যমন্ত্রী, জয় বললেন ‘দিন শেষ’

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পিএম

ছবি: সংগৃহীত

সম্প্রতি এফডিসিতে আয়োজিত ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠানে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘির সঙ্গে ছবি তোলার সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থকে নিয়ে মন্তব্য করেছেন অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়।

বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর নিজের যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ স্ট্যাটাসে বিষয়টি তুলে ধরেন জয়। সেখানে তিনি দাবি করেন, মন্ত্রীর সঙ্গে ছবি তুলতে গেলে দীঘিকে হাসিমুখে দ্রুত এড়িয়ে যান মন্ত্রী। এতে দীঘির মধ্যে কিছুটা বিব্রতভাব দেখা যায় বলেও উল্লেখ করেন তিনি।

তবে ঘটনাটিকে অপমানের বিষয় হিসেবে দেখছেন না জানিয়ে জয় লিখেছেন, হয়তো তিনি বিষয়টি একটু বেশি খুঁটিয়ে দেখেছেন এবং তার পর্যবেক্ষণ ভুলও হতে পারে। এ জন্য আগেই ক্ষমা চেয়ে নেন তিনি।

শিল্পীদের উদ্দেশে জয় বলেন, কাজের বাইরে অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ। তার ভাষ্য, আগের সময়ের অভিজ্ঞতা থেকে শিল্পীদের বুঝতে হবে যে তাদের মূল উদ্দেশ্য হওয়া উচিত কাজের মাধ্যমে নিজেদের প্রতিষ্ঠিত করা।

জয় আরও বলেন, চলচ্চিত্র পরিচালক দিবসের অনুষ্ঠানে তথ্যমন্ত্রী, তথ্য উপদেষ্টা ও প্রতিমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি চলচ্চিত্র অঙ্গনের জন্য ইতিবাচক বার্তা দিয়েছে। বিভিন্ন মতের প্রতিভাবান চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিদের কাজ করার এবং কাজ চালিয়ে যাওয়ার সুযোগ তৈরির ইঙ্গিতও মিলেছে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, চলচ্চিত্র অঙ্গন স্বয়ংসম্পূর্ণ হলে এবং শিল্পীরা নিজ নিজ প্রতিভা বিকাশে সফল হলে মন্ত্রীরাই শিল্পীদের সঙ্গে ছবি তুলতে আগ্রহী হবেন। এ প্রসঙ্গে পরিকল্পনা প্রতিমন্ত্রীর সঙ্গে ববিতার ছবি তোলার বিষয়টিও উল্লেখ করেন জয়। পাশাপাশি অনুষ্ঠানে সাবিনা ইয়াসমিনকে যথাযথ মূল্যায়ন করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

স্ট্যাটাসের শেষাংশে চলচ্চিত্র পরিচালক সমিতির প্রশংসা করেন শাহরিয়ার নাজিম জয়। তিনি বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে চলচ্চিত্র পরিচালক সমিতি সরকারের ঊর্ধ্বতন তিনজন মন্ত্রী ও উপদেষ্টাকে একত্রিত করার পাশাপাশি চলচ্চিত্র অঙ্গনের গুণীজনদেরও একই অনুষ্ঠানে নিয়ে এসেছে। তার মতে, এমন উদ্যোগ অন্যরা নিতে পারেননি।

চলচ্চিত্রের হাল পরিচালকরা ধরেন উল্লেখ করে সমিতির প্রত্যেক সদস্যকে অভিনন্দন জানান জয়।

এ ছাড়া ফরিদুর রেজা সাগরেরও প্রশংসা করেন তিনি। চলচ্চিত্রের জন্য তাকে বটবৃক্ষ উল্লেখ করে জয় বলেন, গত তিন দশক ধরে তিনি চলচ্চিত্র অঙ্গনকে পেছন থেকে এগিয়ে নিতে ভূমিকা রেখে আসছেন এবং তাকে চলচ্চিত্রের অন্যতম অভিভাবক ও নেপথ্যের নায়ক হিসেবে উল্লেখ করেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970