সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ: আইজিপি

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, ১১:২৮ পিএম

ছবি: সংগৃহীত

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সরকার অনুমতি দিলে এবং প্রয়োজন হলে পুলিশ ক্রসফায়ার করতেও পিছপা হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির। তিনি বলেন, পুলিশ কঠোর হলে ফ্যাসিস্ট পুলিশ বলা হয়, আবার নীরব থাকলে দুর্বল পুলিশ হিসেবে আখ্যা দেওয়া হয়।

সোমবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর চকবাজারের শাহজাহান ইমাম টাওয়ারে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ইসলামি ব্যাংকিং সেবা ‘কমিউনিটি ইসলামিক’ এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ব্যাংকিং খাতে নৈতিকতা ও স্বচ্ছতার গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বিভিন্ন অনিয়ম ও সুদের কুফল নিয়ে আলোচনা করেন তিনি।

আলী হোসেন ফকির বলেন, ইসলামে সুদ ও ঘুষ সম্পূর্ণ হারাম। প্রকৃত ইসলামি ব্যাংকিং হতে হবে সুদমুক্ত। এ ধরনের ব্যাংকিং ব্যবস্থায় অংশীদারত্ব, নৈতিকতা এবং স্বচ্ছ ব্যবসায়িক কার্যক্রম নিশ্চিত করা জরুরি।

অতীতে ব্যাংকিং খাতে বিভিন্ন অনিয়ম, ব্যাংক দখল এবং উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে সাধারণ গ্রাহকদের সঙ্গে প্রতারণার সমালোচনা করেন আইজিপি। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের তদারকি ও নজরদারি যথাযথ না হলে শুধু আইন প্রণয়ন করে সুফল পাওয়া সম্ভব নয়। গ্রাহক ও বাস্তবায়নকারী উভয় পক্ষকেই নৈতিকতার জায়গায় থাকতে হবে।

বর্তমান ব্যবস্থাপনার ওপর গ্রাহকদের আস্থা রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে ঘটে যাওয়া অনিয়ম বা বিপর্যয়ের পুনরাবৃত্তি যেন না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। পাশাপাশি মোবাইল আর্থিক সেবার তদারকি আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আইজিপি বলেন, পুলিশকে অকার্যকর করার কোনো চক্রান্ত বরদাশত করা হবে না। পাড়া মহল্লায় মাদকের বিস্তার রোধে পুলিশ শূন্য সহনশীলতার নীতিতে কাজ করছে।

পুলিশ সদস্যদের কেউ অপরাধে জড়িত হলে ছাড় দেওয়া হচ্ছে না উল্লেখ করে তিনি বলেন, পুলিশের কার্যক্রমেও জবাবদিহি ও নিয়ন্ত্রণের ব্যবস্থা রয়েছে। তবে কথায় কথায় পুলিশের ওপর চড়াও হওয়া কিংবা পুলিশকে অকার্যকর করার চেষ্টা করা হলে সমাজব্যবস্থা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে।

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের ক্ষমতা প্রয়োগের সুযোগ থাকা প্রয়োজন বলে মন্তব্য করেন আলী হোসেন ফকির। তিনি বলেন, পুলিশকে প্রয়োজনীয় ক্ষমতা না দিলে এবং আইন প্রয়োগের সুযোগ সীমিত করা হলে সমাজে শান্তি ফিরিয়ে আনা সম্ভব হবে না। এ সময় গুজব ও মিথ্যা প্রচারণায় কান না দিয়ে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন তিনি।

‘কমিউনিটি ইসলামিক’ সেবার উদ্বোধনী অনুষ্ঠানে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক এবং বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970