পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের ছুটি কমিয়ে ১ দিন করল শুভেন্দুর সরকার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৪ মে ২০২৬, ১২:২০ এএম
পশ্চিমবঙ্গে কোরবানির ঈদ উপলক্ষে সরকারি ছুটি কমিয়ে একদিন করা হয়েছে। আগে যেখানে দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল, নতুন প্রশাসনিক বিজ্ঞপ্তিতে তা পরিবর্তন করে একদিনে সীমিত করা হয়েছে।
শনিবার (২৩ মে) রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব পি কে মিশ্র নতুন নির্দেশনা জারি করে জানান, এবার ঈদুল আজহা উপলক্ষে শুধুমাত্র একদিনের সরকারি ছুটি থাকবে। আগামী ২৮ মে এই ছুটি কার্যকর হবে।
এর আগে ২০২৬ সালের শুরুতে তৎকালীন প্রশাসনের পক্ষ থেকে ঈদের জন্য দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে নতুন সিদ্ধান্তে সেই সময়সূচি পরিবর্তন করা হয়েছে।
সরকারি সূত্রের বরাতে জানা গেছে, কেন্দ্রীয় ছুটির তালিকার সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই পরিবর্তন আনা হয়েছে।
এদিকে প্রশাসনিক দায়িত্বে পরিবর্তনের পর থেকেই রাজ্যে বিভিন্ন নীতিগত সিদ্ধান্তে পরিবর্তন আনা হচ্ছে বলে আলোচনা চলছে। নতুন প্রশাসন সরকারি কাজে গতি আনা, কর্মসংস্কৃতি জোরদার করা এবং অপ্রয়োজনীয় ছুটি কমানোর ওপর গুরুত্ব দিচ্ছে।
এরই মধ্যে সরকারি দপ্তরে কর্মীদের উপস্থিতি ও সময় মেনে চলার বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে ছুটি কমানোর এই সিদ্ধান্ত নিয়ে প্রশাসনিক মহল ও সাধারণ কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
অনেকে প্রশ্ন তুলছেন, সামনে দুর্গাপূজার মতো বড় উৎসবের ছুটির ক্ষেত্রেও কি এমন পরিবর্তন আসতে পারে কিনা।