সৌদি আরবের ইস্ট ওয়েস্ট পাইপলাইনে ফের হামলা, বন্ধ তেল সরবরাহ

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১১:৪১ পিএম

ছবি: সংগৃহীত

সৌদি আরবের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ইস্ট ওয়েস্ট বা পূর্ব পশ্চিম পাইপলাইনে ফের হামলার ঘটনা ঘটেছে। হামলার পর পাইপলাইনটির মাধ্যমে তেল সরবরাহ আবারও পুরোপুরি বন্ধ হয়ে গেছে। সোমবার ৫ অক্টোবর সৌদি জ্বালানি খাতের একটি নির্ভরযোগ্য সূত্র এ তথ্য জানিয়েছে।

বার্তাসংস্থা এএফপিকে ওই কর্মকর্তা জানান, রিয়াদের পূর্বদিকে খুরাইস এলাকায় থাকা একটি পাম্পিং স্টেশনকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। এর আগে ওই স্থাপনায় কোনো হামলার ঘটনা ঘটেনি। নতুন হামলায় স্টেশনটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং পাইপলাইনের মাধ্যমে তেল সরবরাহ বন্ধ হয়ে গেছে।

ইয়েমেনের ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর বিভিন্ন স্থাপনায় হামলা চালানোর দাবি জানানোর একদিন পর এই ক্ষয়ক্ষতির তথ্য সামনে এসেছে। এসব স্থাপনার মধ্যে খুরাইসের অবকাঠামোও রয়েছে।

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার পর থেকে সৌদি আরবের এই গুরুত্বপূর্ণ পাইপলাইনটি একাধিকবার হামলার শিকার হয়েছে।

গত মাসে সৌদি আরব তাদের পূর্বাঞ্চলের প্রধান তেলক্ষেত্রগুলো থেকে লোহিত সাগরের ইয়ানবু টার্মিনাল পর্যন্ত বিস্তৃত প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনটি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছিল।

ইরাকভিত্তিক ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠীগুলো সৌদি আরবের তেল স্থাপনায় হামলা চালানোর পর ওই সময় পাইপলাইনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

জ্বালানি বাজার বিশ্লেষক ও পণ্য পরিবহন পর্যবেক্ষণ প্ল্যাটফর্ম কেপলারের তথ্য অনুযায়ী, গত ১১ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত এই পাইপলাইনে তেল প্রবাহ সম্পূর্ণ বন্ধ ছিল।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরুর পর ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি অবরুদ্ধ করায় সৌদি আরবের প্রধান তেল রপ্তানি পথ কার্যত থমকে যায়। এরপর আন্তর্জাতিক তেল বাণিজ্য সচল রাখতে সৌদি আরবের জন্য ইস্ট ওয়েস্ট পাইপলাইনটি গুরুত্বপূর্ণ বিকল্প পথে পরিণত হয়।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970