জাপান সাগরের দিকে একসঙ্গে ১০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২১ আগস্ট ২০২৬, ১২:০২ এএম
উত্তর কোরিয়া জাপান সাগরের দিকে একযোগে প্রায় ১০টি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের উপকূলীয় এলাকা থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয়।
দক্ষিণ কোরিয়ার সশস্ত্র বাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের বরাতে স্থানীয় সংবাদ সংস্থা নিউজ ওয়ান এ তথ্য জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলোর পাল্লা ও উড্ডয়নসংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি উত্তর কোরিয়া নতুন করে কোনো সামরিক পদক্ষেপ নেয় কি না, তা পর্যবেক্ষণে সর্বোচ্চ সতর্কতা ও নজরদারি বজায় রাখা হয়েছে।
দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র ও জাপান যৌথভাবে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণসংক্রান্ত তথ্য নিজেদের মধ্যে আদান-প্রদান করছে। এর আগে গত ১২ আগস্ট ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল পিয়ংইয়ং।
এদিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ ‘উলচি ফ্রিডম শিল্ড’ সামরিক মহড়ার পরিসর ও সময়সীমা কমিয়ে ২১ আগস্ট পর্যন্ত নির্ধারণের নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্পের ওই সিদ্ধান্তের পর উত্তর কোরিয়ার পক্ষ থেকেও কঠোর প্রতিক্রিয়া জানানো হয়। দেশটির শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেন, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার দিন বা পরিধি কমানোর সিদ্ধান্তকে পিয়ংইয়ং কোনো গুরুত্ব দিচ্ছে না।
তিনি দাবি করেন, মহড়ার সময়সূচিতে পরিবর্তন আনা হলেও এর মূল আগ্রাসী ও উসকানিমূলক চরিত্রে কোনো পরিবর্তন হয়নি।