সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় নিহত ১, আহত ৮

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১১:৫৮ এএম

ছবি: সংগৃহীত

সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন এক বিবৃতিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করে। বিবৃতিতে জানানো হয়, আহতদের কারও আঘাত হালকা, আবার কারও আঘাত গুরুতর। তাদের সবাইকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

এর আগে একই দিন সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, সৌদি আরামকোর শায়বাহ তেলক্ষেত্রের একটি স্থাপনাকে লক্ষ্য করে আসা একটি ড্রোন দেশটির বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করে। এ ঘটনায় ড্রোনের ধ্বংসাবশেষ বা আঘাতে দুজন নিহত হওয়ার কথা জানানো হয়।

ইয়েমেনের হুথি বাহিনী এবং সৌদি সমর্থিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেনি সরকারের মধ্যে সংঘাত তীব্র হওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবের বিভিন্ন স্থানে হামলার ঘটনা ঘটছে। দাম্মাম বিমানবন্দরের ঘটনাটিও ধারাবাহিক এসব হামলার সর্বশেষ ঘটনা হিসেবে সামনে এসেছে।

এর আগে গত ১১ অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো নিক্ষিপ্ত বস্তুর আঘাতে একজন নিহত ও ১১ জন আহত হওয়ার কথা জানিয়েছিল দেশটি। এ ছাড়া গত ১০ অক্টোবর একই বিমানবন্দরে পৃথক হামলায় ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হন বলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছিল।

এদিকে, হুথি বাহিনীর সম্ভাব্য হামলার আশঙ্কায় বুধবার সৌদি আরবে অবস্থিত মার্কিন কূটনৈতিক মিশনগুলোর কর্মী ও তাদের পরিবারের সদস্যদের অবিলম্বে দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এ অঞ্চলের আরও কয়েকটি মার্কিন কূটনৈতিক মিশন থেকে পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও রয়টার্সকে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

সম্ভাব্য হুথি হামলা সম্পর্কে নাগরিকদের সতর্ক করতে গত বুধবার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসও একটি নিরাপত্তা সতর্কতা জারি করেছে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970