উইন্ডসর ক্যাসেলে মহানবী (সা.)-এর বাণী পড়ে শোনালেন রাজা চার্লস
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, ১২:০২ পিএম
যুক্তরাজ্যে ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সফর উপলক্ষে আয়োজিত এক নৈশভোজে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি হাদিস উদ্ধৃত করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। উইন্ডসর ক্যাসেলে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানী ক্যামিলাসহ যুক্তরাজ্য ও ওমানের বিশিষ্ট অতিথিরা।
বক্তব্যে রাজা চার্লস ওমানের মানুষের শান্তিপ্রিয়তা, সৌজন্যবোধ ও উত্তম আচরণের প্রশংসা করেন। মহানবী (সা.)-এর বাণী উল্লেখ করে তিনি ওমানিদের সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের বিষয়টি তুলে ধরেন।
রাজা চার্লস বলেন, যুদ্ধ ও সংঘাতপূর্ণ বর্তমান বিশ্ব পরিস্থিতিতে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় ওমান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশেষ করে সমুদ্রপথে বিশ্ববাণিজ্য নিরাপদ রাখতে দেশটির প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।
যুক্তরাজ্য ও ওমানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে ব্রিটিশ রাজা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বন্ধন আরও দৃঢ় হবে।
ওমানের সংবাদমাধ্যম ওমান অবজারভার এ তথ্য জানিয়েছে।
সূত্র: ওমান অবজারভার