নেপালে ভয়াবহ বন্যা, নিখোঁজ দুই শতাধিক শিক্ষার্থী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:০৫ এএম
নেপালে ভয়াবহ বন্যায় দুই শতাধিক শিক্ষার্থী এখনো নিখোঁজ রয়েছে। একই সঙ্গে দেশটির সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তিন জেলায় অন্তত ১৯টি স্কুল ক্ষতিগ্রস্ত হয়েছে। দেশটির শিক্ষা মন্ত্রণালয়ের সর্বশেষ হিসাবের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর মধ্যে ৯টি পুরোপুরি ধ্বংস হয়েছে এবং আরও ৭টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরও এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি।
সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে রাসুয়া ও নুয়াকোট জেলায়। এসব এলাকার কয়েকটি স্কুল বন্যার পানিতে তলিয়ে গেছে কিংবা মাটির নিচে চাপা পড়েছে। ওই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে মোট ২ হাজার ৪২৫ জন শিক্ষার্থী পড়াশোনা করত।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বন্যার পানিতে প্রায় ২০ জন শিক্ষার্থী ভেসে গেছে। একটি স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের এক শিক্ষার্থীকে বহনকারী একটি বাসও প্রবল বন্যার স্রোতে ভেসে গেছে।
বন্যায় ক্ষতিগ্রস্ত স্কুলগুলোর অবস্থান ও ক্ষয়ক্ষতির চিত্র স্যাটেলাইটের ছবি বিশ্লেষণের মাধ্যমে মানচিত্রে তুলে ধরেছে বিবিসির দক্ষিণ এশিয়া ভিজ্যুয়াল সাংবাদিকতা দল।