নেপালে বন্যায় নিহত বেড়ে ১ হাজার ২২৫, এখনও নিখোঁজ ৪৭৫৭
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৩ এএম
চীন সীমান্তবর্তী পার্বত্য এলাকায় ভয়াবহ বন্যায় নেপাল ও তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ২২৫ জনে দাঁড়িয়েছে। এখনও ৪ হাজার ৭৫৭ জন নিখোঁজ রয়েছেন। দুর্যোগের এক সপ্তাহ পর বুধবার (২ সেপ্টেম্বর) নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
নেপালে বন্যায় অন্তত ১ হাজার ২০৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন ৪ হাজার ২১৬ জন। অন্যদিকে, চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, তিব্বতে বন্যায় ২১ জনের মৃত্যু হয়েছে এবং ৫৪১ জন এখনও নিখোঁজ রয়েছেন।
গত ২৬ আগস্ট নেপাল-চীন সীমান্তের পার্বত্য এলাকায় বরফ ও পাথরের বিশাল অংশ ধসে পড়ে। এতে লেন্দে খোলা নদীতে বিপুল পরিমাণ পানি ও পাথর জমে বাঁধ ভেঙে যায়। পরে ভয়াবহ স্রোত ভোতে কোশি ও ত্রিশূলী নদীতে নেমে এসে বিস্তীর্ণ এলাকায় ধ্বংসযজ্ঞ চালায়।
নেপালের তিনটি জেলা বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রবল স্রোতে মানুষ, গবাদিপশু, ঘরবাড়ি ও সরকারি স্থাপনা ভেসে যায়। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট ও বিদ্যুৎ প্রকল্পও।
পাহাড়ি নদী, বিদ্যুৎকেন্দ্র এবং ধসে পড়া ঘরবাড়ির ধ্বংসস্তূপে এখনো উদ্ধার অভিযান চলছে। নিখোঁজের সংখ্যা বেশি হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল