নেপালে বন্যার ধ্বংসস্তূপ থেকে ১০ দিন পর ৬৪ বছরের নারী উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ এএম
নেপালে ভয়াবহ বন্যায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া একটি চারতলা ভবনের ওপরের তলা থেকে ১০ দিন পর ৬৪ বছর বয়সী এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে।
শনিবার নুওয়াকোট জেলার বিদুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের বেত্রাবতীতে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া একটি বাড়ি থেকে তাকে উদ্ধার করে সশস্ত্র পুলিশ বাহিনী। উদ্ধার হওয়া নারীর নাম চান্দিকা কুমারী শ্রেষ্ঠ।
সশস্ত্র পুলিশ বাহিনী জানায়, পরিদর্শক সুমন কুমার বিকের নেতৃত্বে নয় সদস্যের একটি দল অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে। উদ্ধারের সময় তিনি অচেতন অবস্থায় ছিলেন।
পরে হেলিকপ্টারে করে তাকে ত্রিশুলির নেপালি সেনাবাহিনীর মৈথিলি ব্যারাকে নেওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। প্রয়োজন হলে উন্নত চিকিৎসার জন্য তাকে কাঠমান্ডুতে নেওয়া হবে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়।
উল্লেখ্য, ভোটেকোশি নদীর ভয়াবহ বন্যার ১১তম দিনে এই উদ্ধার অভিযান চালানো হয়। বন্যায় নেপালের বিভিন্ন এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। এখনো বহু মানুষ নিখোঁজ রয়েছেন।