ইরানে ফের সরাসরি ফ্লাইট চালু করছে ইরাক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ১০:২৭ পিএম

ছবি: সংগৃহীত

ইরান ও ইরাকের মধ্যে আবারও সরাসরি বিমান চলাচল শুরু হতে যাচ্ছে। আগামী বৃহস্পতিবার, ৮ অক্টোবর থেকে ইরাকি এয়ারওয়েজ ইরানে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে।

সোমবার, ৫ অক্টোবর আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরাকের রাষ্ট্রীয় বিমান সংস্থা জানিয়েছে, নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন তেহরান, মাশহাদ ও ইসফাহানে ফ্লাইট চলাচল করবে। যাত্রীদের যাতায়াত সহজ করা এবং দুই দেশের মধ্যে নিয়মিত বিমান যোগাযোগ নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

গত ২৯ সেপ্টেম্বর ইরাকের পরিবহন মন্ত্রণালয় জানায়, ইরানি রুটে ফ্লাইট পরিচালনার জন্য ইরাকি এয়ারওয়েজ বিশেষ ছাড় পেয়েছে। প্রয়োজনীয় নিয়ন্ত্রক ও কারিগরি প্রক্রিয়া শেষ হওয়ার পর অক্টোবরে ফ্লাইট পুনরায় চালুর পথ তৈরি হয়।

এর আগে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মার্চের শুরুতে ইরাকি এয়ারওয়েজ ইরানে ফ্লাইট চলাচল বন্ধ করে দেয়। পরে ২৩ সেপ্টেম্বর ইরানি বিমান সংস্থাগুলোও ইরাকে ফ্লাইট পরিচালনা বন্ধ করে।

এদিকে ২ অক্টোবর ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদির কার্যালয় জানায়, মাহান এয়ার ছাড়া ইরানি বিমান সংস্থাগুলোকে নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রতিদিন ৪০টি ফ্লাইট পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, চিকিৎসা, ধর্মীয় সফর ও পর্যটনের জন্য যাত্রীদের চলাচল সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

মাহান এয়ার ২০১১ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। ওয়াশিংটনের অভিযোগ, বিমান সংস্থাটি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কুদস ফোর্সকে আর্থিক, বস্তুগত ও প্রযুক্তিগত সহায়তা দিয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970