করাচিতে ১৪৪ ধারা জারি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৪:২২ পিএম
পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিন্ধ প্রদেশের রাজধানী করাচিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। জনসাধারণের ভোগান্তি কমানো এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে আগামী ২০ অক্টোবর পর্যন্ত এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে।
সোমবার (১২ অক্টোবর) সংবাদমাধ্যম দ্য ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। করাচির কমিশনার সৈয়দ হাসান নাকভির জারি করা এক বিজ্ঞপ্তির বরাতে এ সিদ্ধান্তের কথা জানিয়েছে সংবাদমাধ্যমটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শহরের প্রধান সড়ক, মোড় ও চত্বরগুলোতে প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান কর্মসূচি ও মিছিলের খবর পাওয়া গেছে। এসব কর্মসূচির কারণে তীব্র যানজট সৃষ্টি হচ্ছে এবং নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ দেখা দিয়েছে।
এতে আরও বলা হয়, সড়ক অবরোধের কারণে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। পাশাপাশি জরুরি সেবার যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে এবং হাসপাতালে যাতায়াতের পথ সীমিত হয়ে পড়ছে। এসব পরিস্থিতি বিবেচনায় করাচি বিভাগে প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান কর্মসূচি, মিছিল এবং পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, এ ধরনের জমায়েত ও কর্মসূচি আয়োজন, পরিচালনা কিংবা এতে সহায়তা করলে বিভিন্ন সংকট তৈরি হতে পারে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়ানো, জনশান্তি ও শৃঙ্খলা বজায় রাখা এবং নাগরিকদের জীবন ও সম্পত্তির সুরক্ষা নিশ্চিত করতেই এ প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ছাড়া জননিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষ ও জরুরি সেবার যানবাহন চলাচল স্বাভাবিক রাখার বিষয়টিও নিষেধাজ্ঞা জারির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নিষেধাজ্ঞা অনুযায়ী, আগামী ২০ অক্টোবর পর্যন্ত করাচির যেকোনো স্থানে পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে প্রতিবাদ, বিক্ষোভ, অবস্থান ধর্মঘট, সমাবেশ ও মিছিল আয়োজন, পরিচালনা, আহ্বান কিংবা এসব কর্মসূচিতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তা করাও নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।