হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে আরও একটি তেল ট্যাংকারে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৫:৩৬ পিএম

ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালিতে সামুদ্রিক মাইনের বিস্ফোরণে আরও একটি তেলবাহী ট্যাংকারে ভয়াবহ আগুন লেগেছে। অনুমোদিত পথ এড়িয়ে চলার সময় জাহাজটি মাইনের সংস্পর্শে আসে বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। সোমবার (১২ অক্টোবর) তাসনিম নিউজের এক প্রতিবেদনে বাহিনীটির সামুদ্রিক শাখার বরাতে এ তথ্য জানানো হয়।

ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনীর জনসংযোগ দপ্তর জানিয়েছে, ট্যাংকারটিতে সাড়ে সাত লাখ ব্যারেল অপরিশোধিত তেল ছিল। রোববার বিকেলে সতর্কবার্তা উপেক্ষা করে জাহাজটি অননুমোদিত পথ দিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় সেটি একটি সামুদ্রিক মাইনের সংস্পর্শে এলে বিস্ফোরণ ঘটে এবং জাহাজটিতে আগুন ধরে যায়।

এর আগে শনিবার একই ধরনের ঘটনায় আরেকটি বড় তেলবাহী ট্যাংকার আগুনে পুড়ে যায় বলে জানিয়েছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। অভিযোগ অনুযায়ী, ওই জাহাজটিও অনুমোদনহীন পথ দিয়ে হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করছিল। দুর্ঘটনার আগে জাহাজটির দিকনির্ণয় ও অবস্থান শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ ছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাহাজটিতে আগুন লাগার পর উপকূলীয় এলাকার বাসিন্দারা বিশাল অগ্নিশিখা দেখতে পান।

এদিকে, হরমুজ প্রণালির নিরাপত্তাবিধি অমান্য করে যেসব জাহাজ দিকনির্ণয় ও পরিচয় শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ রাখবে, সেগুলোকে শত্রুভাবাপন্ন হিসেবে বিবেচনা করা হবে বলে সতর্ক করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী। এ ধরনের জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

বাহিনীটির দাবি, হরমুজ প্রণালির নির্ধারিত নিয়মকানুন অমান্য করে চলাচল করলে তেলবাহী জাহাজগুলোকে গুরুতর পরিণতির মুখে পড়তে হতে পারে। তবে জাহাজ দুটির পরিচয়, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে প্রতিবেদনে বিস্তারিত তথ্য জানানো হয়নি।

সূত্র: তাসনিম নিউজ

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970