সৌদি আরব ও হুতিদের সংলাপে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ০৫:২৫ পিএম

ছবি: সংগৃহীত

সৌদি আরব ও ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মধ্যে সংলাপ শুরু করতে সহায়তার প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনে কথা বলেছেন। এ সময় আঞ্চলিক উত্তেজনা কমাতে সামরিক পদক্ষেপের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দেন তিনি।

সৌদি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। ইরান সমর্থিত হুতি বিদ্রোহীদের সৌদি বিমানবন্দরে হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে।

রোববার ১১ অক্টোবর টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আব্বাস আরাগচি বলেন, রাজনৈতিক সমাধানের পথ এড়িয়ে সামরিক পদক্ষেপের ওপর গুরুত্ব দিলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে। মধ্যপ্রাচ্যের সংকটগুলোর সামরিক সমাধান নেই বলেও মন্তব্য করেন তিনি। সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে সংলাপ শুরু এবং রাজনৈতিক সমাধানে পৌঁছাতে প্রয়োজনীয় সহায়তা দিতে ইরান প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

এর আগে রিয়াদের বিমানবন্দরে হামলায় ১২ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হওয়ার খবর পাওয়া যায়। এ ঘটনার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইয়েমেন ইস্যুতে ওয়াশিংটনের ভূমিকা পুনর্বিবেচনার কথা বলেছেন। একই সঙ্গে ইরানের ওপর আবারও হামলা চালানোর বিষয়টি বিবেচনায় রাখার ইঙ্গিত দিয়েছেন তিনি। যদিও এর আগে বৃহস্পতিবার ট্রাম্প বলেছিলেন, মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা চালানো হবে না। তাঁর সাম্প্রতিক বক্তব্যে আগের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দেখা যাচ্ছে।

দীর্ঘদিনের মতপার্থক্য থাকা সত্ত্বেও ইরান ও সৌদি আরবের মধ্যে কূটনৈতিক সম্পর্ক বজায় রয়েছে। ২০২৩ সালে চীনের মধ্যস্থতায় দুই দেশ সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হয়। এর আগে সাত বছর ধরে দেশ দুটির মধ্যে কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন ছিল। তবে ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর তেহরান ও রিয়াদের সম্পর্কে অবনতি ঘটে। ওই সংঘাতের পর ইরান ও তাদের মিত্র গোষ্ঠীগুলো উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা ও জ্বালানি অবকাঠামোয় হামলা চালিয়েছে। সৌদি আরবের তেলক্ষেত্রও এসব হামলার লক্ষ্যবস্তু হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

গত মার্চে ইরানকে সতর্ক করে সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান বলেছিলেন, সৌদি আরব ও প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর ওপর হামলা অনির্দিষ্টকাল সহ্য করা হবে না। একই সঙ্গে তিনি তেহরানকে তাদের কৌশল পুনর্বিবেচনার আহ্বান জানান।
সূত্র: আলজাজিরা

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970