দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে ইরান সফরে যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩২ পিএম
দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনার লক্ষ্যে ইরান সফরে যাচ্ছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সোমবার ১৯ অক্টোবর তেহরানে সফরকালে তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠক করবেন।
রুশ বার্তা সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কেন্দ্র করে সৃষ্ট আঞ্চলিক উত্তেজনা প্রশমনে মস্কো যেসব উদ্যোগ নিচ্ছে, সেগুলো ইরানি কর্মকর্তাদের সামনে তুলে ধরবেন লাভরভ।
এ ছাড়া বাহরাইনের রাজধানী মানামায় উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য দেশগুলোর কর্মকর্তাদের সঙ্গে তার সাম্প্রতিক বৈঠকের ফলাফলও ইরানি কর্মকর্তাদের জানাবেন রুশ পররাষ্ট্রমন্ত্রী।
ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ি লাভরভের সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুই দেশের মধ্যে চলমান দ্বিপক্ষীয় আলোচনা অব্যাহত রাখা এবং বিভিন্ন চুক্তির বাস্তবায়ন এগিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে সাম্প্রতিক বছরগুলোতে ইরান ও রাশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি বিভিন্ন খাতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগও নেওয়া হয়েছে।
২০২৫ সালের জানুয়ারিতে মস্কোয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০ বছর মেয়াদি একটি সমন্বিত কৌশলগত অংশীদারত্ব চুক্তিতে সই করেন। ওই চুক্তিতে প্রতিরক্ষা, নিরাপত্তা, জ্বালানি, বাণিজ্য ও পরিবহন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
চুক্তিতে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে দুই দেশের মধ্যে আরও ঘনিষ্ঠ সমন্বয়ের কথাও বলা হয়েছে। তবে চুক্তিটিতে এক দেশ আক্রান্ত হলে অন্য দেশকে সামরিকভাবে প্রতিরক্ষা দেওয়ার কোনো বাধ্যবাধকতা রাখা হয়নি।
সূত্র তাস ও আল জাজিরা