২০২৭ সালের রমজান, শবে কদর ও ঈদুল ফিতরের তারিখ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:২১ পিএম
২০২৭ সালের পবিত্র রমজান, শবে কদর, ঈদুল ফিতরসহ গুরুত্বপূর্ণ ধর্মীয় দিবসগুলোর সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন। ঘোষিত সূচি অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি শুরু হবে পবিত্র রমজান মাস। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ৯ মার্চ উদযাপিত হবে ঈদুল ফিতর।
সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কাজইনফর্ম এ তথ্য জানিয়েছে।
ঘোষিত ইসলামি বর্ষপঞ্জি অনুযায়ী, ২০২৭ সালের ৫ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে কদর পালিত হবে। মুসলমানদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই রাতটি পবিত্র রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ ইবাদতের রাত হিসেবে বিবেচিত।
এ ছাড়া আগামী বছরের ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিন দিনব্যাপী ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে। এর আগের দিন, ১৫ মে পালিত হবে পবিত্র আরাফাতের দিন।
ধর্মীয় বর্ষপঞ্জিতে আরও উল্লেখ করা হয়েছে, ৪ থেকে ৫ জানুয়ারি দিবাগত রাতে শবে মেরাজ এবং ২২ থেকে ২৩ জানুয়ারি দিবাগত রাতে শবে বরাত পালিত হবে।
এ ছাড়া ১৫ জুন পবিত্র আশুরা এবং ১৪ থেকে ১৫ আগস্ট মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী বা ঈদে মিলাদুন্নবী পালনের তারিখ উল্লেখ করা হয়েছে। একই বর্ষপঞ্জিতে ২৪ থেকে ২৫ ডিসেম্বর দিবাগত রাতে শবে মেরাজ পালনের আরেকটি তারিখও দেওয়া হয়েছে।
কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন জানিয়েছে, নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করে ধর্মীয় উৎসব ও দিবসগুলোর তারিখ এক দিন আগে বা পরে হতে পারে। তাই ঘোষিত তারিখগুলো চূড়ান্তভাবে নির্ধারণের ক্ষেত্রে চাঁদ দেখার বিষয়টি গুরুত্বপূর্ণ।
এর আগে জ্যোতির্বিজ্ঞানীদের গাণিতিক হিসাবের ভিত্তিতে ১৪৪৮ হিজরি সনের পবিত্র রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত।
উল্লেখ্য, ২০২৬ সালে পবিত্র রমজান মাস ১৯ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৯ মার্চ শেষ হয়েছিল। পরদিন, ২০ মার্চ উদযাপিত হয়েছিল পবিত্র ঈদুল ফিতর।