এআই দিয়ে তৈরি প্রয়াত গুরু চিন্ময়ানন্দের অবতারের কাছে আশীর্বাদ চাইলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে তৈরি প্রয়াত আধ্যাত্মিক গুরু স্বামী চিন্ময়ানন্দের হলোগ্রাফিক অবতারের সঙ্গে কথা বলে তার আশীর্বাদ চেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় ১৯৯৩ সালে গুরুর সঙ্গে সাক্ষাতের স্মৃতি স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

শুক্রবার ২৩ অক্টোবর নয়াদিল্লির ভারত মণ্ডপে চিন্ময় মিশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘চিন্ময় অমৃত মহোৎসব গ্লোবাল সম্মেলন’ উদ্বোধন করেন মোদি। অনুষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিতে তৈরি স্বামী চিন্ময়ানন্দের হলোগ্রাফিক অবতারের সঙ্গে কথোপকথনে অংশ নেন তিনি।

মোদি জানান, ১৯৯৩ সালের ফেব্রুয়ারি বা মার্চ মাসে স্বামী চিন্ময়ানন্দের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল। সে সময় শিকাগোতে বিশ্ব ধর্ম সংসদের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছিলেন চিন্ময়ানন্দ। তিনি আমন্ত্রণ গ্রহণ করলেও ওই বছরের ৩ আগস্ট অনুষ্ঠান শুরুর কয়েক সপ্তাহ আগে মারা যান।

১৯৯৩ সালের ১১ সেপ্টেম্বর শিকাগোতে অনুষ্ঠিত ওই আয়োজনে উপস্থিত থাকার স্মৃতি তুলে ধরে মোদি বলেন, সেদিন তিনি স্বামী চিন্ময়ানন্দের অনুপস্থিতি গভীরভাবে অনুভব করেছিলেন।

কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি গুরুর হলোগ্রাফিক অবতারের উদ্দেশে মোদি বলেন, তার সঙ্গে দেখা হওয়ার বিষয়টি নিজের সৌভাগ্য বলে মনে করেন তিনি। বর্তমানে যে কাজ করতে চান, তার জন্য গুরুর আশীর্বাদও প্রার্থনা করেন ভারতের প্রধানমন্ত্রী।

জবাবে হলোগ্রাফিক অবতারটি মোদির প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে সন্তোষ প্রকাশ করে বলে, ভারত তার সঙ্গে রয়েছে, নরেন্দ্র।

মোদি বলেন, প্রযুক্তির এই ব্যবহার তাকে যেন ৩৩ বছর আগের সময়ে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। প্রয়াত গুরুর সঙ্গে এমন কথোপকথন তার কাছে অতীতের স্মৃতি ফিরে পাওয়ার মতো অনুভূতি তৈরি করেছে।

তিন দিনব্যাপী এই সম্মেলন ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। এতে ভারতসহ বিভিন্ন দেশের ৯ হাজারের বেশি মানুষের অংশ নেওয়ার কথা রয়েছে।

১৯৫১ সালে প্রতিষ্ঠিত চিন্ময় মিশন বেদান্ত ও ভগবদ্গীতার শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিতে কাজ করে আসছে।

সূত্র: এনডিটিভি

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970