২০২৭ সালের রমজান ও দুই ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৬:১৯ পিএম

ছবি: সংগৃহীত

২০২৭ সালের পবিত্র রমজান মাস এবং দুই ঈদের সম্ভাব্য তারিখ প্রকাশ করা হয়েছে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, আগামী বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পবিত্র রমজান শুরু হতে পারে। তবে ঈদুল ফিতরের তারিখ নিয়ে দুটি পূর্বাভাসে এক দিনের পার্থক্য রয়েছে। একটি পূর্বাভাসে ৯ মার্চ এবং অন্যটিতে ১০ মার্চ ঈদুল ফিতর উদযাপনের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে। চাঁদ দেখার ওপর নির্ভর করায় এসব তারিখ পরিবর্তিত হতে পারে।

কাজাখস্তানের মুসলিমদের ধর্মীয় প্রশাসন প্রকাশিত সম্ভাব্য ধর্মীয় ক্যালেন্ডার অনুযায়ী, ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি শুরু হতে পারে পবিত্র রমজান মাস। মাসব্যাপী রোজা পালনের পর ৯ মার্চ উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। এ ছাড়া ৫ মার্চ দিবাগত রাতে পবিত্র শবে কদর পালনের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে।

ক্যালেন্ডার অনুযায়ী, ১৬ থেকে ১৮ মে পর্যন্ত তিন দিনব্যাপী পবিত্র ঈদুল আজহা উদযাপিত হতে পারে। এর আগের দিন, ১৫ মে পালিত হতে পারে পবিত্র আরাফাতের দিন।

এ ছাড়া ৪ থেকে ৫ জানুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ, ২২ থেকে ২৩ জানুয়ারি দিবাগত রাতে পবিত্র শবে বরাত এবং ১৫ জুন পবিত্র আশুরা পালনের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্মবার্ষিকী পবিত্র ঈদে মিলাদুন্নবী ১৪ থেকে ১৫ আগস্ট উদযাপিত হতে পারে।

অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদনে জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবের ভিত্তিতে ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য সময়সূচি তুলে ধরা হয়েছে। ওই পূর্বাভাস অনুযায়ী, ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে পবিত্র রমজান শুরু হতে পারে।

এ ক্ষেত্রে ৭ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার চেষ্টা করা হবে। চাঁদ দেখা গেলে সেদিন রাতে প্রথম তারাবির নামাজ আদায় করবেন মুসল্লিরা। এরপর সেহরি খেয়ে ৮ ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হতে পারে।

গালফ নিউজের পূর্বাভাস অনুযায়ী, ১০ মার্চ, বুধবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। তবে কাজাখস্তানের ধর্মীয় প্রশাসনের ক্যালেন্ডারে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ উল্লেখ করা হয়েছে ৯ মার্চ।

অর্থাৎ, দুই পূর্বাভাসেই রমজান শুরুর সম্ভাব্য তারিখ ৮ ফেব্রুয়ারি উল্লেখ করা হলেও ঈদুল ফিতরের তারিখে এক দিনের পার্থক্য রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ধর্মীয় দিবসগুলোর চূড়ান্ত তারিখ চাঁদ দেখার ওপর নির্ভর করবে। তাই চাঁদ দেখার পরই আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করা হবে।

উল্লেখ্য, ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হয়েছিল। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ২০ মার্চ উদযাপিত হয়েছিল পবিত্র ঈদুল ফিতর।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970