প্রধানমন্ত্রীর জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৭:০০ পিএম

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর কার্যকর ও ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে বলেও মন্তব্য করেছেন তিনি।

শুক্রবার (৩০ অক্টোবর) প্রধানমন্ত্রীর জাপান সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

হুমায়ুন কবির জানান, বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্কের বহুমুখী গুরুত্ব এবং ভবিষ্যৎ সম্ভাবনা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রীর এই সফর অনুষ্ঠিত হয়েছে। সফরের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন সহযোগিতা অব্যাহত রাখা ও বাড়ানোর বিষয়ে জাপানের প্রতিশ্রুতি পাওয়া গেছে। পাশাপাশি বেসরকারি বিনিয়োগ এবং মানবসম্পদ উন্নয়নের ক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে সবার আগে দেশের স্বার্থকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবিলায় যোগাযোগ, পরিবেশ, কৃষি, মানবসম্পদ উন্নয়ন, স্থানীয় সরকার ব্যবস্থাপনা, টেকসই অর্থনীতি, আন্তর্জাতিক শান্তি ও স্থিতিশীলতা এবং রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের অব্যাহত সহযোগিতার প্রতিশ্রুতি নিয়ে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, এই সফরের মধ্য দিয়ে বাংলাদেশ ও জাপানের জনগণের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সম্পর্ক জোরদার হওয়ার সম্ভাবনাও উজ্জ্বল হয়েছে।

হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীর সফরে ঘোষিত ৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারের বিনিয়োগসহ বিভিন্ন বিষয় পর্যালোচনা করতে দ্রুতই বাংলাদেশে অর্থনৈতিক মিশন পাঠাবে জাপান। এ ছাড়া জাপানের সঙ্গে বিগ বি উদ্যোগ নিয়ে আলোচনায় তৃতীয় কোনো দেশকে নিয়ে কথা হয়নি বলেও জানান তিনি।

অন্য কোনো রাষ্ট্রকে নিয়ে আলোচনার প্রয়োজন হলে সংশ্লিষ্ট দেশের উপস্থিতিতেই বাংলাদেশ আলোচনা করবে বলে উল্লেখ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের মাটি ও মানুষের স্বার্থকে অসম্মান করে কোনো দেশের সঙ্গে চুক্তি করবে না বিএনপি সরকার।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970