সৌদি আরব লক্ষ্য করে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পিএম
সৌদি আরবের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। সোমবার (২ নভেম্বর) জোটের মুখপাত্র তুর্কি আল মালিকি এ তথ্য জানিয়েছেন। খবর আল জাজিরা ও আনাদোলুর।
হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রের সংখ্যা সম্পর্কে বিস্তারিত জানায়নি সৌদি নেতৃত্বাধীন জোট। তবে হামলার আগে সৌদি আরবের আবহা শহর, খামিস মুশাইত, তাইফ ও নাজরান এলাকায় সম্ভাব্য হামলার সতর্কতা জারি করা হয়েছিল।
পরবর্তী সময়ে সতর্কতা প্রত্যাহার করে নেওয়া হয়। এর কিছুক্ষণ পরই সৌদি জোটের মুখপাত্র ক্ষেপণাস্ত্র প্রতিহতের তথ্য জানান।
সতর্কতা জারির সময় সৌদি সরকার সাধারণ মানুষকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ভিডিও ধারণ না করার আহ্বান জানিয়েছিল।
সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের সীমান্ত অতিক্রম করে হামলার ঘটনা বাড়তে থাকার মধ্যেই সর্বশেষ এই হামলা হলো। সাম্প্রতিক দিনগুলোতে সৌদি নেতৃত্বাধীন জোট জানিয়েছে, রাজধানী রিয়াদ ও দেশটির পূর্বাঞ্চল লক্ষ্য করে ছোড়া বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং দক্ষিণাঞ্চলের দিকে পাঠানো ড্রোন প্রতিহত করেছে তারা।
ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোট ও হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘাত শুরুর প্রেক্ষাপটে এসব হামলার ঘটনা ঘটছে। দীর্ঘদিনের এই সংঘাতে দেশটিতে ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে।
এদিকে, হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবির আগে ইয়েমেনের হোদেইদা প্রদেশের একটি গুরুত্বপূর্ণ বন্দর ও তেল স্থাপনায় সৌদি নেতৃত্বাধীন জোট বিমান হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে হুথিরা। এসব হামলায় সাতজন আহত হয়েছেন বলে জানিয়েছে গোষ্ঠীটি।
হুথিদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আনিস আলসাবাহি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, সৌদি নেতৃত্বাধীন জোট প্রথমে লোহিত সাগরের রাস ইসা বন্দরে হামলা চালায়। এতে চারজন বেসামরিক ব্যক্তি আহত হন।
এরপর বাজিল জেলার একটি তেল স্থাপনায় হামলা চালানো হয়। সেখানে আরও তিনজন আহত হন। তারাও বেসামরিক নাগরিক বলে দাবি করেছেন হুথিদের এই কর্মকর্তা।
আনিস আলসাবাহি বলেন, তেল স্থাপনা ও গুরুত্বপূর্ণ বন্দরে বারবার হামলা চালানো আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। ইয়েমেনের বেসামরিক মানুষ ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার মাধ্যমে সংঘটিত যুদ্ধাপরাধের তালিকায় এটি নতুন সংযোজন বলেও মন্তব্য করেন তিনি।