আবারও উত্তাল ভারতের মণিপুর, পৃথক সহিংসতায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ পিএম

ছবি: সংগৃহীত

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে আবারও ছড়িয়ে পড়েছে জাতিগত সহিংসতা। পৃথক দুটি ঘটনায় কুকি সম্প্রদায়ের পাঁচজন নিহত হয়েছেন। নতুন করে প্রাণহানির ঘটনায় রাজ্যজুড়ে উত্তেজনা ও বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, গত শনিবার ও রোববার রাজ্যের নোনে ও কাংপোকপি জেলায় এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

রোববার (২ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে মণিপুর পুলিশ জানায়, শনিবার নোনে জেলার একটি এলাকায় অজ্ঞাতপরিচয় সশস্ত্র গোষ্ঠীর মধ্যে গোলাগুলির ঘটনায় কুকি সম্প্রদায়ের তিনজন নিহত হন। তবে গোলাগুলির সূত্রপাত কীভাবে হয়েছে এবং কারা এতে জড়িত, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।

অন্যদিকে, কয়েক দিন আগে নিখোঁজ হওয়া কুকি সম্প্রদায়ের আরও দুই ব্যক্তির মরদেহ রোববার সকালে কাংপোকপি জেলা থেকে উদ্ধার করা হয়েছে। তাদের নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে এর আগেই ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছিল।

মণিপুর পুলিশ নিয়ন্ত্রণকক্ষ সূত্রে জানা গেছে, ওই দুই যুবক নিখোঁজ হওয়ার পর তাদের উদ্ধারে একাধিক তল্লাশি অভিযান শুরু করা হয়। অভিযানে অংশ নেয় মণিপুর পুলিশ, কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী, আসাম রাইফেলস এবং দ্রুত অভিযান বাহিনীর সদস্যরা। কাংপোকপি জেলার জাতীয় মহাসড়কের পূর্ব দিকে ব্যাপক তল্লাশি চালানোর সময় মরদেহ দুটি উদ্ধার করা হয়।

হত্যাকাণ্ডের জন্য নাগা বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করেছে কুকি সম্প্রদায়ের শীর্ষ সংগঠন ট্রাইবাল ইউনিটি। সংগঠনটির অভিযোগ, নিজস্ব আবাসভূমিতে কুকি জনগোষ্ঠীর ওপর বিনা উসকানিতে হামলা চালানো হয়েছে।

এদিকে, হত্যাকাণ্ডের প্রতিবাদে রাজ্যের রাজধানী ইম্ফলসহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ করেছেন স্থানীয়রা। বিক্ষোভকারীরা কুকি সশস্ত্র গোষ্ঠীগুলোর সঙ্গে ভারত সরকারের করা যুদ্ধবিরতি চুক্তি বা সামরিক অভিযান স্থগিত রাখার চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, কুকি ও নাগা উভয় সম্প্রদায়ের অধিকাংশ মানুষ খ্রিষ্টান ধর্মাবলম্বী। প্রায় তিন বছর ধরে এই দুই সম্প্রদায়ের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। ভূমি ও সরকারি চাকরিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ দীর্ঘদিনের।

চলতি বছরের ফেব্রুয়ারিতে কুকি সম্প্রদায়ের কয়েকজনের বিরুদ্ধে এক নাগা ব্যক্তিকে মারধরের অভিযোগ ওঠে। ওই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে গত মে মাসে। সে সময় নাগা সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের বিরুদ্ধে কুকি সম্প্রদায়ের তিনজন ধর্মযাজককে হত্যার অভিযোগ ওঠে। এরপর দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অপহরণ ও হত্যার ঘটনা ঘটে। সর্বশেষ পাঁচজন নিহত হওয়ার ঘটনায় রাজ্যের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সাল থেকে মণিপুরে চলমান জাতিগত সহিংসতায় ৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৬০ হাজারেরও বেশি মানুষ। তাদের অনেকেই এখনো অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।

সূত্র: এনডিটিভি, রয়টার্স।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970