ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট

মনোযোগ প্রকাশ ডেস্ক

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম

ছবি: সংগৃহীত

ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধীন প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের কাছ থেকে জাতীয় রাজস্ব বোর্ডের দাবি করা ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। এ-সংক্রান্ত জারি করা রুল খারিজ করে দেন আদালত।

আদালতে ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার ফিদা এম কামাল।

মামলার সূত্রে জানা যায়, ২০১২-১৩ থেকে ২০১৬-১৭ করবর্ষ পর্যন্ত গ্রামীণ কল্যাণের আয়কর সংক্রান্ত বিষয় পুনর্মূল্যায়ন করে জাতীয় রাজস্ব বোর্ড। এতে গ্রামীণ টেলিকম থেকে গ্রামীণ কল্যাণের পাওয়া অর্থের ওপর উৎসে কর কর্তন না করার বিষয়টি উঠে আসে।

পরে এ বিষয়ে কর কর্তৃপক্ষের সিদ্ধান্তের বিরুদ্ধে ২০১৭ সালে পৃথক দুটি রিট করে গ্রামীণ কল্যাণ। প্রাথমিক শুনানি শেষে আদালত রুল জারি করেন। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার সেই রুল খারিজ করে দেন হাইকোর্ট।

এর আগে জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর গত বছরের ৪ অক্টোবর গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ের বিষয়ে দেওয়া আগের রায় স্বপ্রণোদিতভাবে প্রত্যাহার করে নিয়েছিলেন হাইকোর্টের একটি বেঞ্চ। একই সঙ্গে মামলার নথি প্রধান বিচারপতির কাছে পাঠানো হয়। পরে মামলাটি নতুন বেঞ্চে পাঠানো হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের আইনজীবী জানান, হাইকোর্টের রায়ের ফলে সরকারের পক্ষে মামলাটির নিষ্পত্তি হয়েছে। এখন আইন অনুযায়ী গ্রামীণ কল্যাণের কাছ থেকে ৬৬৬ কোটি টাকা কর আদায়ের উদ্যোগ নিতে পারবে কর বিভাগ। এ জন্য যথাযথভাবে দাবিনামা জারি করা হবে।

প্রকাশক: মাহমুদুল হাসান

ভারপ্রাপ্ত সম্পাদক: সুজন মাহমুদ

বার্তা সম্পাদক: শরিফুল ইসলাম

যোগাযোগের ঠিকানা:

কুড়িগ্রাম অফিস: কলেজ রোড, চর রাজিবপুর, কুড়িগ্রাম।

ঢাকা অফিস: ২/এ, কালাচাঁদপুর মেইন রোড, ঢাকা- ১২১২

ইমেইল: monojogprokashnews@gmail.com

মোবাইল: 09658369970